বুধবার ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

মনোহরদীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময়

আপডেটঃ ১:৫৩ অপরাহ্ণ | আগস্ট ১২, ২০২৬

নিউজ ডেস্কঃ

নরসিংদীর মনোহরদীতে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহামুদুল হাসানের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, সম্ভাবনা, বিদ্যমান সমস্যা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, সড়ক সংস্কার, যানজট নিরসন, পরিবেশ সংরক্ষণ ও জনসেবার মানোন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনা করেন নবাগত ইউএনও।এ সময় উপজেলার উন্নয়ন ও জনকল্যাণে প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব মিয়া, মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর বাদশা, মনোহরদী প্রেসক্লাবের সভাপতি মো. হারুন অর রশিদ, সিনিয়র সহসভাপতি আনোয়ার হোসেন ও ইসমাইল হোসাইন খান, সহসভাপতি তাজুল ইসলাম বাদল, সাধারণ সম্পাদক সুজন বর্মণ, সাংগঠনিক সম্পাদক বাকি বিল্লাহ, আসাদুজ্জামান নূর, কামরুল ইসলাম, মাহবুবুর রহমান সোহেল, মোবারক হোসেন, আবদুস কুদ্দুছসহ উপজেলায় কর্মরত সাংবাদিকরা।

সভায় মনোহরদী প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত ইউএনও মাহামুদুল হাসানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।মতবিনিময়কালে সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ, সড়ক সংস্কার, যানজট নিরসন, পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ এবং জনসেবার মানোন্নয়নে বিভিন্ন পরামর্শ দেন তারা।

নবাগত ইউএনও মাহামুদুল হাসান বলেন, “উপজেলার সার্বিক উন্নয়ন ও জনসেবার মান বাড়াতে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।প্রশাসন ও গণমাধ্যম পরস্পরের সহযোগী হিসেবে কাজ করলে জনগণের সমস্যা দ্রুত চিহ্নিত করা এবং তার সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া সম্ভব।তিনি আরও বলেন, প্রশাসনের পক্ষ থেকে সাংবাদিকদের প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করা হবে।

সাংবাদিকদের গঠনমূলক পরামর্শকে গুরুত্ব দিয়ে মনোহরদীর উন্নয়নে কাজ করতে চান বলেও জানান তিনি।উপজেলার বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়ে ইউএনও বলেন, উপজেলা পরিষদ এলাকার সৌন্দর্যবর্ধন, বিভিন্ন সড়কে বৃক্ষরোপণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ এবং প্রয়োজনীয় সড়ক সংস্কারসহ জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে পর্যায়ক্রমে উদ্যোগ নেওয়া হবে।

এসব কাজে সাংবাদিকদের সহযোগিতা ও গঠনমূলক পরামর্শ প্রত্যাশা করেন তিনি।এসময় মনোহরদী প্রেসক্লাবের সভাপতি মো. হারুন অর রশিদ বিদায়ী ইউএনও এম এ মুহাইমিন আল জিহানের কর্মকাল স্মরণ করে নবাগত ইউএনওকে স্বাগত জানান।তিনি বলেন, বিদায়ী ইউএনও দায়িত্ব পালনকালে মনোহরদীর মানুষের ভালোবাসা অর্জন করেছেন।

তাঁর বিদায় অনুষ্ঠানে মানুষের আবেগ ও ভালোবাসা প্রশাসনিক কর্মকর্তার সঙ্গে জনগণের সম্পর্কের একটি দৃষ্টান্ত হয়ে রয়েছে।নবাগত ইউএনওকেও জনবান্ধব ও মানবিক প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কাজ করার আহ্বান জানান তিনি।প্রেসক্লাবের সাবেক সভাপতি আসাদুজ্জামান নূর বলেন, নতুন দায়িত্ব নিয়ে ইউএনওর সামনে যেমন নানা চ্যালেঞ্জ রয়েছে, তেমনি কাজ করার অসংখ্য সুযোগও রয়েছে।

মনোহরদীর মানুষের প্রত্যাশা পূরণে সততা, নিষ্ঠা ও মানবিকতার সঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, সাংবাদিকরা প্রশাসনের প্রতিপক্ষ নন, জনগণের কথা প্রশাসনের কাছে তুলে ধরার মাধ্যমে তারা প্রশাসনের সহযোগী হিসেবে কাজ করেন।

প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল হোসাইন খান বলেন, সাংবাদিকরা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি উপজেলার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে প্রশাসনকে গঠনমূলকভাবে সহযোগিতা করতে চান।প্রেসক্লাবের সহসভাপতি মো. তাজুল ইসলাম বাদল প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।

সাধারণ সম্পাদক সুজন বর্মণ নবাগত ইউএনওর সাফল্য কামনা করে বলেন, মনোহরদীর মানুষ যেন তাকে একজন দক্ষ, জনবান্ধব ও মানবিক ইউএনও হিসেবে মনে রাখে—এটাই সবার প্রত্যাশা।প্রশাসনের ভালো উদ্যোগে সাংবাদিকরা পাশে থাকবেন এবং কোনো সমস্যা বা অনিয়ম চোখে পড়লে তা গঠনমূলকভাবে তুলে ধরবেন বলেও জানান তিনি।

সভায় প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা আরও জোরদার করে মনোহরদীকে সুন্দর, নিরাপদ ও উন্নত উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

IPCS News : Dhaka : মোঃ তাজুল ইসলাম বাদল : নরসিংদী।