মনোহরদীতে তাস ও নগদ টাকাসহ ৪ জুয়াড়ি গ্রেপ্তার
আপডেটঃ ৩:৩১ অপরাহ্ণ | সেপ্টেম্বর ২৩, ২০২৬
নিউজ ডেস্কঃ
নরসিংদীর মনোহরদীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪ জুয়াড়িকে আটক করেছে মনোহরদী থানা পুলিশ।গত সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দৌলতপুর ইউনিয়নের কীর্তিবাসদি এলাকার একটি কলাবাগান থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ তাদেরকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের শহিদুল্লাহর ছেলে সাইফুল ইসলাম (৪৫), অলিম উদ্দিনের ছেলে বিপ্লব (৪০), এবাদুল্লাহর ছেলে শফিকুল ইসলাম (৩০) এবং আবুল হোসেনের ছেলে সেলিম ভূইয়া (৩৬)।
পুলিশ সূত্রে জানা যায়, মনোহরদী থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে, কীর্তিবাসদি গ্রামে স্থানীয় শ্যামল ঠাকুরের ভাড়াটিয়া কলাবাগানের ভেতর টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলা চলছে।পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে জুয়াড়িরা পালানোর চেষ্টা করে।
পরে সঙ্গীয় ফোর্সের সহায়তায় ধাওয়া করে চার জুয়াড়িকে আটক করা হয়।এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে জুয়া খেলায় ব্যবহৃত ১৫৬টি তাস এবং জুয়ার বোর্ডে থাকা নগদ ১১,৬৯০ (এগারো হাজার ছয়শত নব্বই) টাকা জব্দ করা হয়।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’-এর ১৫ ধারায় মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।তিনি আরোও জানান, মাদক ও জুয়ার বিরুদ্ধে অভিযান অব্যহত আছে এবং থাকবে।
IPCS News : Dhaka : মোঃ তাজুল ইসলাম বাদল : নরসিংদী।

