আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তী উপলক্ষে মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন
আপডেটঃ ১২:০৭ অপরাহ্ণ | সেপ্টেম্বর ২০, ২০২৬
নিউজ ডেস্কঃ
রাজশাহীর ঐতিহ্যবাহী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী উদযাপনের কার্যক্রম শুরু হয়েছে।এ উপলক্ষে শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় আইএইচটি প্রাঙ্গণে সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন করেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী ঈশা।সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক ও ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির অধ্যক্ষ ডা. মির্জা মোহাম্মদ ওয়াসি পারভেজ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।অনুষ্ঠানে রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মো. মামুনুর রশিদ রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পিকে এম মাসুদুল ইসলাম, রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমির ডা. মো. জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
সুবর্ণজয়ন্তী উদযাপনকে কেন্দ্র করে আইএইচটির সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক এবং সংশ্লিষ্টদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।প্রতিষ্ঠার পাঁচ দশকের পথচলা, শিক্ষা ও স্বাস্থ্যসেবা খাতে অবদান এবং প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিকে কেন্দ্র করে সুবর্ণজয়ন্তী উদযাপনের বিভিন্ন কর্মসূচি আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
আয়োজকরা জানান, রেজিস্ট্রেশন কার্যক্রমের মাধ্যমে সুবর্ণজয়ন্তী উদযাপনে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের সম্পৃক্ত করা হবে।এর মধ্য দিয়ে দীর্ঘ ৫০ বছরের ঐতিহ্য ও অর্জনকে স্মরণ করে ভবিষ্যতের পথচলায় নতুন প্রত্যয় গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
IPCS News : Dhaka : বাবুল : রাজশাহী।

