সোমবার ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

দপদপিয়ায় ৪ কিলোমিটার সড়কের বেহাল দশা, দুর্ভোগে ১০-১৫ হাজার মানুষ

আপডেটঃ ১২:৫৭ অপরাহ্ণ | সেপ্টেম্বর ২১, ২০২৬

নিউজ ডেস্কঃ

ঝালকাঠির নলছিটি উপজেলার ৯ নম্বর দপদপিয়া ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে।কাঠের ঘর থেকে আলীনগর পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার সড়কের বিভিন্ন অংশ ভেঙে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত ও খানাখন্দ।এতে প্রতিদিন এ সড়ক দিয়ে চলাচলকারী কয়েক হাজার মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারের দাবি জানিয়ে আসলেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।প্রায় দুই বছর ধরে সংস্কারের কথা শোনা গেলেও বাস্তবে সড়কের অবস্থার কোনো পরিবর্তন হয়নি।ফলে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়ছে।

সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন স্থানে পিচ ও খোয়া উঠে গিয়ে অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে।সামান্য বৃষ্টি হলেই গর্তগুলোতে পানি জমে চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।আর শুকনো মৌসুমে ধুলাবালিতে পথচারীদের ভোগান্তি বাড়ে।মোটরসাইকেল, অটোরিকশা, ভ্যানসহ ছোট যানবাহন চলাচলের সময় প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়।

স্থানীয়দের দাবি, দপদপিয়া ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের প্রায় ১০ থেকে ১৫ হাজার মানুষ কোনো না কোনোভাবে সড়কটির ওপর নির্ভরশীল।শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী, কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রতিদিন ঝুঁকি নিয়ে এ সড়ক দিয়ে যাতায়াত করছেন।

সড়কের বেহাল অবস্থার কারণে জরুরি প্রয়োজনে রোগী হাসপাতালে নেওয়া, শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত এবং কৃষিপণ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহনেও নানা সমস্যায় পড়তে হচ্ছে বলে জানান স্থানীয়রা।বর্ষাকালে সড়কটির দুরবস্থা আরও প্রকট হয়ে ওঠে।

এলাকাবাসী দ্রুত কাঠের ঘর থেকে আলীনগর পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন।তাদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত কার্যকর উদ্যোগ নেবে এবং দীর্ঘদিনের জনদুর্ভোগের অবসান ঘটাবে।

IPCS News : Dhaka : মো: ফোরকান : নলছিটি।