রাজশাহীতে উদ্ধার ৫৬টি হারানো মোবাইল ফোন মালিকদের কাছে হস্তান্তর
আপডেটঃ ১২:৪১ অপরাহ্ণ | সেপ্টেম্বর ২১, ২০২৬
নিউজ ডেস্কঃ
রাজশাহীতে হারিয়ে যাওয়া ৫৬টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশ।রোববার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজশাহী পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে পুলিশ সুপার মো. মামুন অর রশিদ উদ্ধার করা মোবাইল ফোন গুলো সংশ্লিষ্ট মালিকদের হাতে তুলে দেন।এ সময় রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এ.টি.এম. মাইনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।জেলা পুলিশের তথ্যমতে, রাজশাহীর আটটি থানায় বিভিন্ন সময়ে মোবাইল ফোন হারানোর ঘটনায় ৫৬ ব্যক্তি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।
এসব জিডির পরিপ্রেক্ষিতে পুলিশ সুপারের কার্যালয়ের আইসিটি শাখা তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ৫৬টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে।পরে যাচাই-বাছাই শেষে ফোন গুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।
উদ্ধার করা ফোনগুলোর মধ্যে রয়েছে ভিভো ১১টি, স্যামসাং ১০টি, শাওমি ৭টি, রিয়েলমি ৮টি, ইনফিনিক্স ৩টি, আইটেল ১টি, টেকনো ৩টি, অপো ২টি, ওয়ালটন ৪টি, নোকিয়া ২টি, জিডিএল ১টি, পোকো ২টি এবং সিম্ফোনি ২টি।
অনুষ্ঠানে পুলিশ সুপার মো. মামুন অর রশিদ বলেন, উদ্ধার করা মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিতে পেরে জেলা পুলিশ আনন্দিত।এই সাফল্যের পরিধি ভবিষ্যতে আরও বিস্তৃত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে মালিকরা সন্তোষ প্রকাশ করেন এবং রাজশাহী জেলা পুলিশের এই উদ্যোগের প্রশংসা করেন।
একই সঙ্গে তাঁরা ভবিষ্যতেও জনগণের পাশে থেকে এ ধরনের সেবা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করে জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান।
IPCS News : Dhaka : সাবিনা ইয়াসমিন : ডিএসবি : রাজশাহী।

