বুধবার ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

দিনাজপুরে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ ও ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা

আপডেটঃ ১২:৫৩ অপরাহ্ণ | আগস্ট ১২, ২০২৬

নিউজ ডেস্কঃ

শ্রমিক নেতা মজিবুর রহমান মুজিবকে গ্রেপ্তার ও শারীরিক নির্যাতনের প্রতিবাদে দিনাজপুরে সড়ক অবরোধ এবং অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট পালন করছেন শ্রমিকেরা।মঙ্গলবার (১১ আগস্ট) সকাল থেকে নিমনগর ফুলবাড়ী বাসস্ট্যান্ড, সরকারি কলেজ মোড়, দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মোড়, বালুয়াডাঙ্গা ও কোতোয়ালি থানার মোড়সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সড়ক অবরোধ করা হয়।এর ফলে দূরপাল্লার বাসসহ অভ্যন্তরীণ সব রুটে যান চলাচল বন্ধ হয়ে গেছে।আকস্মিক এই ধর্মঘটে দূর-দূরান্তের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

আন্দোলনরত শ্রমিকদের দাবি, গ্রেপ্তার করা শ্রমিক নেতা মজিবুর রহমান মুজিবকে অবিলম্বে মুক্তি দিতে হবে।এছাড়া তাকে নির্যাতনের অভিযোগে পুলিশের সিআইডি পরিদর্শক নওবুর রহমানকে গ্রেপ্তার এবং কোতোয়ালি থানার ওসি নুর নবীকে তাৎক্ষণিক প্রত্যাহারের দাবি জানান তারা।

শ্রমিক পক্ষ থেকে জানানো হয়, গত রোববার কোতোয়ালি থানার ওসির কক্ষে একটি মামলার তদন্ত বিষয়ে কথা বলার সময় সিআইডি পরিদর্শক নওবুর রহমানের সঙ্গে মজিবুর রহমানের বাগবিতণ্ডা হয়।একপর্যায়ে মজিবুর রহমান ওই পুলিশ কর্মকর্তাকে আঘাত করেন।পরবর্তীতে মজিবুরকে আটক করে মারধর করা হয় এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করে কারাগারে পাঠানো হয় বলে অভিযোগ করেন শ্রমিকেরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।এ বিষয়ে পুলিশের দায়িত্বশীল কোনো কর্মকর্তার আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

IPCS News : Dhaka : আব্দুস সালাম, দিনাজপুর।