দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার পাসের হার কমে ৫৮.০৫%, এগিয়ে মেয়েরা
আপডেটঃ ১:৫১ অপরাহ্ণ | আগস্ট ১১, ২০২৬
নিউজ ডেস্কঃ
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে দিনাজপুর শিক্ষা বোর্ডে পাসের হারে বড় ধরনের অবনমন ঘটেছে।এ বছর এই বোর্ডের অধীনে পাসের হার নেমে এসেছে ৫৮.০৫ শতাংশে, যা গত বছর ছিল ৬৭.০৩ শতাংশ।বোর্ড সূত্রে জানা গেছে, এবার অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় মোট ১ লাখ ৮০ হাজার ৭৫২ জন শিক্ষার্থী অংশ নেন।এদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১ লাখ ৪ হাজার ৯২৫ জন।জিপিএ-৫ অর্জন করেছেন মোট ১৩ হাজার ৬৩৯ জন শিক্ষার্থী।লিঙ্গভিত্তিক ফলাফলে গতবারের মতো এবারও ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছেন।
এ বছর জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ছাত্রীর সংখ্যা ৭ হাজার ১৫২ জন এবং ছাত্রের সংখ্যা ৬ হাজার ৪৮৭ জন।সার্বিক পাসের হারেও ছাত্রীদের অগ্রগতি লক্ষ করা গেছে; মেয়েদের পাসের হার যেখানে ৬৩.০১ শতাংশ, সেখানে ছেলেদের পাসের হার ৫৩.৩৩ শতাংশ।চলতি বছরের ফলাফলে প্রাতিষ্ঠানিক পারফরম্যান্সেও পরিবর্তন দেখা গেছে।
বোর্ডে এবার শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা কমে দাঁড়িয়েছে ২৪টিতে।অন্যদিকে, একজন শিক্ষার্থীও পাস করতে না পারা বা ‘শূন্য পাসের’ শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা গত বছরের ১৩টি থেকে বেড়ে এবার ১৮টিতে পৌঁছেছে।উল্লেখ্য, দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এ বছর ২ হাজার ৮১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মোট ২৮৩টি কেন্দ্রের মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।
IPCS News : Dhaka : আব্দুস সালাম, দিনাজপুর।

