রাজশাহীতে নারীসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ইয়াবা-ট্যাপেন্টাডল ও নগদ টাকা উদ্ধার
আপডেটঃ ২:১১ অপরাহ্ণ | আগস্ট ১৩, ২০২৬
নিউজ ডেস্কঃ
রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে নারীসহ ৭ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) চন্দ্রিমা, পবা, রাজপাড়া ও কাশিয়াডাঙ্গা থানা পুলিশ।অভিযানে ৩০ পিস ইয়াবা ও ১৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।একই সঙ্গে মাদক বিক্রির নগদ ১ লাখ ১৩ হাজার ১৩০ টাকা জব্দ করা হয়।আরএমপি সূত্রে জানা গেছে, গত ১২ আগস্ট রাত ১০টার দিকে চন্দ্রিমা থানা পুলিশ শিরোইল কলোনী এলাকায় অভিযান চালিয়ে তসলিম (৩৮) ও নাহিনা হাসান নিলয় (২১)-কে গ্রেপ্তার করে।পরে তসলিমের দোকানে তল্লাশি চালিয়ে বিক্রির উদ্দেশ্যে রাখা ৭ পিস ইয়াবা ও নগদ ৯১ হাজার টাকা জব্দ করা হয়।
নিলয়ের কাছ থেকেও ২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।তসলিমের বিরুদ্ধে বোয়ালিয়া ও চন্দ্রিমা থানায় পৃথক দুটি মাদক মামলা এবং নিলয়ের বিরুদ্ধে চন্দ্রিমা থানায় একটি মাদক মামলা ও সিএমএম আদালত, রাজশাহীতে একটি নন-জিআর মামলা রয়েছে।
একই দিন দুপুর পৌনে ৩টার দিকে চন্দ্রিমা থানা পুলিশ হাজরাপুকুর নিউ কলোনী এলাকায় শ্যামলী বেগম (৪৪)-এর বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে ও রাহুল ইসলাম ওরফে মুন্না (২৫)-কে গ্রেপ্তার করে।এ সময় শ্যামলীর বাড়ি থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১৮ পিস ইয়াবা ও নগদ ২২ হাজার ১৩০ টাকা উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, রাহুল দীর্ঘদিন ধরে শ্যামলীর সহযোগী হিসেবে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল।এদিকে একই দিন সন্ধ্যা সোয়া ৭টার দিকে পবা থানা পুলিশ হাটগোদাগাড়ী বাজার এলাকায় অভিযান চালিয়ে মাইনুল ইসলাম রনি (৩৮)-কে গ্রেপ্তার করে।তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৬ পিস ট্যাপেন্টাডল ও ৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
রনির বিরুদ্ধে পবা থানায় একটি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।রাত ৮টার দিকে রাজপাড়া থানা পুলিশ দাশপুকুর এলাকায় অভিযান চালিয়ে রায়হান ইসলাম অনন্ত ওরফে সোহান (২০)-কে গ্রেপ্তার করে।এ সময় তার কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
অন্যদিকে, গত ১১ আগস্ট রাত সোয়া ১১টার দিকে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ হড়গ্রাম নতুনপাড়া এলাকায় অভিযান চালিয়ে আব্দুল সাত্তার (৩৮)-কে গ্রেপ্তার করে।তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে।
পরে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।
IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।

