হেলমেট ব্যবহার বাধ্যতামূলক: ট্রাফিক আইন মানতে আরএমপির গণবিজ্ঞপ্তি, অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা
আপডেটঃ ২:৩৯ অপরাহ্ণ | জুলাই ০৪, ২০২৬
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- মোটরসাইকেল চালক ও সহযাত্রীর হেলমেট ব্যবহার নিশ্চিত করা এবং ট্রাফিক আইন প্রতিপালনে গণবিজ্ঞপ্তি জারি করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে হেলমেট ব্যবহার ও সড়ক পরিবহন আইন মেনে চলার জন্য সকল মোটরসাইকেল চালক ও যাত্রীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।একই সঙ্গে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের সতর্কবার্তাও দেওয়া হয়েছে।শুক্রবার (৩ জুলাই) আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী মহানগর এলাকায় অধিকাংশ ক্ষেত্রেই মোটরসাইকেল চালকরা হেলমেট ছাড়া অনিরাপদভাবে চলাচল করছেন।এছাড়া চালকের পাশাপাশি একাধিক সহযাত্রী বহন এবং অনেক ক্ষেত্রে সহযাত্রীর হেলমেট ব্যবহার না করার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।
এসব কারণে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ও পঙ্গুত্বের মতো মর্মান্তিক ঘটনা ঘটছে।গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ৪৯(১)(চ) অনুযায়ী মোটরসাইকেল চালক ও সহযাত্রী উভয়ের জন্য হেলমেট ব্যবহার বাধ্যতামূলক এবং চালক ছাড়া একজনের বেশি সহযাত্রী বহন করা যাবে না।
এ বিধান লঙ্ঘন করলে একই আইনের ধারা ৯২(১) অনুযায়ী সর্বোচ্চ তিন মাসের কারাদণ্ড, সর্বোচ্চ ১০ হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রয়েছে।পাশাপাশি চালকের ড্রাইভিং রেকর্ড থেকে এক দোষসূচক (ডিমেরিট) পয়েন্ট কর্তন করা হবে।আরএমপি জানিয়েছে, নিরাপদ সড়ক ও শৃঙ্খলাপূর্ণ ট্রাফিক ব্যবস্থা নিশ্চিত করতে তাদের অভিযান অব্যাহত থাকবে।
মোটরসাইকেল চালানোর সময় চালক ও সহযাত্রী উভয়ের হেলমেট ব্যবহার নিশ্চিত না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।একই সঙ্গে সকল ধরনের যানবাহনের চালকদের সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিধান যথাযথভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।অন্যথায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।

