নেত্রকোণায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে ডা. শফিকুর রহমান: দেশের সার্বভৌমত্ব ও মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যের আহ্বান
আপডেটঃ ১:৫৯ অপরাহ্ণ | জুলাই ০৪, ২০২৬
নিউজ ডেস্কঃ
নেত্রকোণা:- নেত্রকোণা সার্কিট হাউসে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মাদক নির্মূল এবং উন্নয়ন কার্যক্রম নিয়ে বিভিন্ন বিষয়ে বক্তব্য দিয়েছেন।শুক্রবার (৩ জুলাই) অনুষ্ঠিত এ সভায় তিনি দেশের স্বার্থ রক্ষায় সব নাগরিককে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোণা জেলা শাখার আমির সাদেক আহম্মদ হারিছ।
বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, দেশ সবার এবং দেশের এক ইঞ্চি জমিও কাউকে দখল করতে দেওয়া হবে না।স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের আপসের সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা করা প্রত্যেক নাগরিকের দায়িত্ব।তাই দেশের স্বার্থ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
মাদকের প্রসঙ্গ তুলে তিনি বলেন, শুধু মাদকসেবী নয়, যারা মাদক ব্যবসা ও এর পৃষ্ঠপোষকতা করে, তারাই সমাজের জন্য আরও বড় হুমকি।মাদকমুক্ত সমাজ গঠনে সরকার, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
উন্নয়ন কর্মকাণ্ডের সমালোচনা করে জামায়াতের আমির বলেন, দেশের উন্নয়ন কাজ বছরের প্রথম নয় মাস গুইসাপের গতিতে চলে, আর শেষ তিন মাস রকেটের গতিতে এগোয়।তিনি উন্নয়ন কার্যক্রমে সুশাসন, পরিকল্পনা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।মতবিনিময় সভায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এছাড়া পূর্বধলা উপজেলা সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মাসুম মোস্তফা, জেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিরাও অনুষ্ঠানে অংশ নেন।
IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোণা।

