রবিবার ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

নরসিংদীতে সমাজকর্মী আবু কাওসারের মুক্তির দাবিতে মানববন্ধন, মিথ্যা মামলার অভিযোগ

আপডেটঃ ৩:০০ অপরাহ্ণ | জুলাই ০৪, ২০২৬

নিউজ ডেস্কঃ

নরসিংদী:- নরসিংদীতে সমাজকর্মী আবু কাওসারের গ্রেপ্তারের প্রতিবাদ এবং তার বিরুদ্ধে দায়ের করা মামলাকে ‘মিথ্যা’ দাবি করে তা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৪ জুলাই) সকাল ১১টায় বানিয়াছল বিলপাড় এলাকায় “সচেতন এলাকাবাসী”র ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।মানববন্ধনে আবু কাওসারের পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।বক্তারা দাবি করেন, আবু কাওসার দীর্ঘদিন ধরে বানিয়াছল, রাঙ্গামাটি ও কোনাপাড়া এলাকায় মাদকবিরোধী সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।তাদের অভিযোগ, মাদকবিরোধী অবস্থানের কারণে একটি স্বার্থান্বেষী মহল ষড়যন্ত্র করে তাকে একটি মিথ্যা মামলায় জড়িয়ে গ্রেপ্তার করিয়েছে।

বক্তারা আরও বলেন, একজন সমাজকর্মীকে গ্রেপ্তার করে মাদকবিরোধী আন্দোলন দমিয়ে রাখা যাবে না।তারা এলাকায় মাদক কারবারের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন এবং প্রকৃত ঘটনা তদন্ত করে আবু কাওসারের মুক্তি নিশ্চিত করার দাবি জানান।মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বানিয়াছল বিলপাড়সহ আশপাশের সড়ক প্রদক্ষিণ করে।

কর্মসূচি থেকে আবু কাওসারের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়।তবে আবু কাওসারের বিরুদ্ধে দায়ের করা মামলার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।অভিযোগ গুলোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্যও প্রকাশিত হয়নি।

IPCS News : Dhaka : মোঃ তাজুল ইসলাম বাদল : নরসিংদী।