মনোহরদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও লেবুর চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন
আপডেটঃ ২:৫১ অপরাহ্ণ | জুলাই ০৪, ২০২৬
নিউজ ডেস্কঃ
নরসিংদী:- নরসিংদীর মনোহরদীতে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সবজি বীজ, রাসায়নিক সার, লেবুর চারা ও ভার্মিকম্পোস্ট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।এ কর্মসূচির মাধ্যমে উপজেলার শত শত কৃষক কৃষি উৎপাদন বৃদ্ধিতে প্রয়োজনীয় উপকরণ পাচ্ছেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. এ. মুহাইমিন আল জিহান।এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা রুনা আক্তার, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিসহ উপজেলার বিভিন্ন এলাকার বিপুল সংখ্যক কৃষক উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা রুনা আক্তার জানান, সরকারের কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির মূল উদ্দেশ্য হলো ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে তাদের কৃষিকাজে আরও উৎসাহিত করা।তিনি বলেন, এ কর্মসূচির আওতায় উপজেলার ৬০০ জন কৃষককে একটি করে সবজি বীজের প্যাকেজ, ১৫ কেজি ডিএপি সার এবং ১৫ কেজি এমওপি সার প্রদান করা হচ্ছে।
এছাড়া ৫০ জন কৃষককে পাঁচটি করে লেবুর চারা ও ১০ কেজি করে ভার্মিকম্পোস্ট দেওয়া হবে।এ ধরনের প্রণোদনা কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আর্থিকভাবে স্বাবলম্বী হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।প্রধান অতিথির বক্তব্যে সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, কৃষিই দেশের অর্থনীতির অন্যতম ভিত্তি।
কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে আধুনিক ও লাভজনক কৃষি ব্যবস্থাকে এগিয়ে নিতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে।কৃষকদের জীবনমান উন্নয়ন এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের এ ধরনের সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্রতীকীভাবে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের হাতে সবজি বীজের প্যাকেজ, ডিএপি ও এমওপি সার, লেবুর চারা এবং ভার্মিকম্পোস্ট তুলে দিয়ে বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।পরে কৃষকদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উপজেলার উপকারভোগীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ করা হয়।
IPCS News : Dhaka : মোঃ তাজুল ইসলাম বাদল : নরসিংদী।

