রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে যুবক গ্রেপ্তার, ইয়াবা ও নগদ অর্থ জব্দ
আপডেটঃ ১২:৫২ অপরাহ্ণ | জুন ২৩, ২০২৬
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী মহানগরীতে চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিশেষ মাদক দমন টিমের অভিযানে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।এ সময় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং মাদক বিক্রির নগদ অর্থসহ চারটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।আরএমপি সূত্র জানায়, পুলিশ কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে গত ২১ জুন রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটে বোয়ালিয়া থানার পঞ্চবটি শেখের চক এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানে ওই এলাকার মো. জাফরের ছেলে মো. ফাহিম (২০)কে আটক করা হয়।তবে একই এলাকার বেলায়েত শেখের মেয়ে মোসা. বিনা বেগম (৫৪) কৌশলে পালিয়ে যেতে সক্ষম হন।পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ফাহিমের দেহ তল্লাশি করে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এছাড়া পলাতক বিনা বেগমের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে মাদক বিক্রির নগদ ৫৫ হাজার ১০০ টাকা, মাদক ব্যবসায় ব্যবহৃত দুটি স্মার্টফোন এবং দুটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, গ্রেপ্তারকৃত ফাহিম ও পলাতক বিনা বেগম দীর্ঘদিন ধরে পরস্পরের সহযোগিতায় বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত ও পলাতক আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি পলাতক আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।

