রবিবার ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রাজশাহীতে বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ৭ জন গ্রেপ্তার, ইয়াবা-ট্যাপেন্টাডল উদ্ধার

আপডেটঃ ৩:০৬ অপরাহ্ণ | আগস্ট ২২, ২০২৬

নিউজ ডেস্কঃ

রাজশাহী মহানগরীতে বিশেষ মাদকবিরোধী টিমের পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেটসহ সাতজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।অভিযানে মাদক বিক্রির নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।গ্রেপ্তারদের মধ্যে মাদক ব্যবসায়ীর পাশাপাশি অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ব্যক্তিও রয়েছে বলে জানিয়েছে পুলিশ।আরএমপি সূত্রে জানা যায়, ২০ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে বিশেষ মাদকবিরোধী টিম শাহমখদুম থানার নওদাপাড়া গ্রামের সিল্কসিটি আবাসিক এলাকায় অভিযান চালায়।

এ সময় বড় বনগ্রাম মাস্টারপাড়া এলাকায় বসবাসকারী জয় (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়।তার কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৪২টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ১ হাজার ৩৩০ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।পুলিশ জানায়, গ্রেপ্তার জয় একজন পেশাদার মাদক ব্যবসায়ী।

তার বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের দারুস সালাম থানায় একটি মাদক মামলা এবং আরএমপির বিভিন্ন থানায় মাদক আইনে তিনটি ও পেনাল কোডে একটি মামলা রয়েছে।এসব মামলায় এর আগে বিভিন্ন সময়ে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।

একই দিন সন্ধ্যা ৬টার দিকে দামকুড়া থানার মুরারীপুর গ্রামে অভিযান চালিয়ে কাশিয়াডাঙ্গা থানার পশ্চিম বালিয়া গ্রামের কাবিল (৩৬) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।তার কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১৮টি ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৫ হাজার ৩৫০ টাকা উদ্ধার করা হয়।

এদিকে ২১ আগস্ট রাত পৌনে ২টার দিকে মতিহার থানার ডাঁশমারী মধ্যপাড়া এলাকায় পৃথক অভিযান চালায় বিশেষ মাদকবিরোধী টিম।এ সময় শিমুল (২৩), রিয়াজ উদ্দিন (২৮), নাসির (২৮), সজল (২৫) ও সাইদুর রহমান (৪০) নামে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।তাদের কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা সাতটি ইয়াবা ট্যাবলেট, নগদ ২ হাজার ৯০ টাকা এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

এর মধ্যে একটি মোবাইল ফোন মাদক বিক্রি এবং দুটি অনলাইন জুয়া খেলার কাজে ব্যবহৃত হতো বলে জানিয়েছে পুলিশ।আরএমপি জানায়, গ্রেপ্তার শিমুলের বিরুদ্ধে মতিহার থানায় পেনাল কোডে একটি মামলা, রিয়াজের বিরুদ্ধে মাদক আইনে দুটি, নাসিরের বিরুদ্ধে একটি এবং সাইদুর রহমানের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা রয়েছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও জুয়া আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে আরএমপি।

IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।