বুধবার ৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

সবুজ জ্বালানি ব্যবহারে রাজশাহীকে পরিবেশবান্ধব নগরী গড়ার আহ্বান

আপডেটঃ ১:০৪ অপরাহ্ণ | অক্টোবর ০৬, ২০২৬

নিউজ ডেস্কঃ

পরিকল্পিত নগরায়ণ, সঠিক মাস্টারপ্ল্যান বাস্তবায়ন ও পরিবেশবান্ধব নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের মাধ্যমে রাজশাহীকে একটি সবুজ ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী।তিনি বলেন, টেকসই নগরায়ণ ও পরিকল্পিত আবাসনের পাশাপাশি পরিবেশ রক্ষায় নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়াতে হবে।সোমবার (৫ অক্টোবর) বেলা ১১টায় রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব বসতি দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিভাগীয় প্রশাসন ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।এর আগে বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।

বিভাগীয় কমিশনার বলেন, ভবন নির্মাণের ক্ষেত্রে সরকারি নিয়ম মেনে রাস্তা থেকে নির্ধারিত দূরত্ব বজায় রাখা, পর্যাপ্ত আলো-বাতাসের ব্যবস্থা এবং বিল্ডিং কোড অনুসরণ করে অগ্নি ও ভূমিকম্পের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।আদর্শ নগরায়ণে ৩০ থেকে ৫০ শতাংশ উন্মুক্ত স্থান এবং ১০ থেকে ২০ শতাংশ সবুজ এলাকা ও জলাশয় সংরক্ষণ করা প্রয়োজন।

অনুমোদিত নকশার বাইরে ভবন নির্মাণ কিংবা অতিরিক্ত তলা বাড়ানো নগরীর নিরাপত্তাকে মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলে বলেও সতর্ক করেন তিনি।জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও পরিবেশ সুরক্ষায় সবুজ জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, বাসাবাড়ি ও সরকারি ভবনের ছাদে সৌর প্যানেল স্থাপনের মাধ্যমে অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহের সুযোগ রয়েছে।

সরকার নেট মিটারিং সুবিধার আওতায় সৌরবিদ্যুৎ গ্রিডে যুক্ত করার নীতি গ্রহণ করেছে, যা পরিবেশবান্ধব নগর গঠনে কার্যকর ভূমিকা রাখছে।ইতোমধ্যে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল চালু করা হয়েছে এবং পর্যায়ক্রমে সরকারি অন্যান্য ভবনেও এ ব্যবস্থা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে।

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষকে (আরডিএ) কঠোর তদারকি ও কাজের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে নিয়মতান্ত্রিক ও পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করার তাগিদ দেন বিভাগীয় কমিশনার।ভবিষ্যতের রাজশাহীকে পরিচ্ছন্ন, সবুজ ও পরিবেশবান্ধব ‘গ্রিন অ্যান্ড ক্লিন সিটি’ হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে মূল আলোচক হিসেবে বক্তব্য দেন রুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আব্দুল ওয়াকিল।আলোচক হিসেবে বক্তব্য দেন রাজশাহী গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এম প্রকাশ নন্দী।

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ স্যুটের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি খন্দকার মো. শামীম হোসেন, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান নির্বাহী মো. মশিউর রহমান, রেডার সভাপতি তৌফিকুর রহমান লালুসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা।

IPCS News : Dhaka : বাবুল : রাজশাহী।