দপদপিয়া চৌমাথায় পিকআপ ডোবায়, আহত চালক
আপডেটঃ ৩:৩১ অপরাহ্ণ | অক্টোবর ০৬, ২০২৬
নিউজ ডেস্কঃ
ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া চৌমাথায় সড়ক দুর্ঘটনায় কাঁচামালবাহী একটি পিকআপ রাস্তার পাশের ডোবায় পড়ে গেছে।এ ঘটনায় পিকআপের চালক সামান্য আহত হয়েছেন।তবে ডোবায় পানি কম থাকায় বড় ধরনের দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি।মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল আনুমানিক ৭টার দিকে দপদপিয়া জিরো পয়েন্ট থেকে কাঁচামাল নিয়ে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিল পিকআপটি।পথে দপদপিয়া চৌমাথা এলাকায় পৌঁছালে হঠাৎ গাড়িটির সামনের একটি চাকা পাংচার হয়ে যায়।এতে চালক নিয়ন্ত্রণ ধরে রাখার চেষ্টা করলেও একপর্যায়ে গাড়িটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
চাকা পাংচার হয়ে যাওয়ার পর পিকআপটির নিয়ন্ত্রণ ও ব্রেক সামলাতে না পেরে চালক গাড়িটিকে রাস্তার বিপরীত পাশে নিতে বাধ্য হন।পরে পিকআপটি রাস্তার পাশের একটি ডোবায় পড়ে যায়।দুর্ঘটনার পর স্থানীয় প্রত্যক্ষদর্শীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে চালককে গাড়ি থেকে বের করে আনেন।
সৌভাগ্যবশত ডোবায় পানি কম থাকায় পিকআপটি পানিতে তলিয়ে যায়নি।এতে চালকও বড় ধরনের আঘাত থেকে রক্ষা পেয়েছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় চালক গুরুতর আহত না হলেও শরীরের বিভিন্ন স্থানে সামান্য আঘাত পেয়েছেন।পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য দপদপিয়া চৌমাথা এলাকায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।পরে দুর্ঘটনাকবলিত পিকআপটি ডোবা থেকে উদ্ধারের চেষ্টা করা হয়।
IPCS News : Dhaka : মো. ফোরকান : নলছিটি।

