মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে ইউএনও, সেবার মানোন্নয়নে গুরুত্ব
আপডেটঃ ৩:২৭ অপরাহ্ণ | আগস্ট ২২, ২০২৬
নিউজ ডেস্কঃ
নরসিংদীর মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতালের সার্বিক পরিবেশ ও চিকিৎসাসেবার মান পর্যবেক্ষণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহামুদুল হাসান।পরিদর্শনকালে হাসপাতালের বিভিন্ন কার্যক্রম, স্বাস্থ্যবিধি ও পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়গুলো পর্যালোচনা করা হয়।পরিদর্শনের সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার (UHFPO) সঙ্গে হাসপাতালের সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন ইউএনও।
পরে হাসপাতালের শিশু, মহিলা ও পুরুষ ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগীদের চিকিৎসাসেবা ও সার্বিক পরিস্থিতির খোঁজ নেন।এ সময় চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলে সেবার মান, চিকিৎসা পাওয়া, ওষুধ সরবরাহসহ বিভিন্ন বিষয়ে তাদের অভিজ্ঞতা ও মতামত শোনেন তিনি।
হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা আরও জোরদার করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।একই সঙ্গে রোগীদের জন্য স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান বলেন, হাসপাতালে আগত প্রতিটি রোগী যাতে হয়রানিমুক্ত পরিবেশে যথাযথ চিকিৎসাসেবা পান, তা নিশ্চিত করা উপজেলা প্রশাসনের অন্যতম দায়িত্ব।হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি ও সেবার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
তিনি আরও বলেন, হাসপাতালে দালালদের দৌরাত্ম্য সম্পূর্ণভাবে কমিয়ে রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগ সমন্বিতভাবে কাজ করবে।সরকারি হাসপাতাল সাধারণ মানুষের চিকিৎসাসেবার অন্যতম প্রধান ভরসাস্থল।তাই রোগীদের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
পরিদর্শনকালে সহকারী কমিশনার (ভূমি) মো. সজীব মিয়া, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর বাদশা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
IPCS News : Dhaka : মোঃ তাজুল ইসলাম বাদল : নরসিংদী।

