মনোহরদীতে এসিল্যান্ডের অভিযানে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল ১৫ বছরের স্কুলছাত্রী
আপডেটঃ ২:৪৭ অপরাহ্ণ | আগস্ট ২২, ২০২৬
নিউজ ডেস্কঃ
নরসিংদীর মনোহরদীতে অভিযান চালিয়ে ১৫ বছর বয়সী নবম শ্রেণির এক স্কুলছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করেছে উপজেলা প্রশাসন।শুক্রবার (২১ আগস্ট) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের লাখপুর পূর্বপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।স্থানীয়ভাবে বাল্যবিবাহের আয়োজনের খবর পেয়ে ঘটনাস্থলে যান প্রশাসনের কর্মকর্তারা।সেখানে গিয়ে বাল্যবিবাহের সত্যতা পাওয়ার পর কিশোরী সুমাইয়া (১৫), পিতা দুলাল মিয়া এবং চরমান্দালিয়া এলাকার রায়হান মিয়ার মধ্যে বিয়ের সব আনুষ্ঠানিকতা বন্ধ করে দেওয়া হয়।
এ সময় কিশোরীর পরিবারের সদস্যদের বাল্যবিবাহের ক্ষতিকর দিক সম্পর্কে অবহিত করা হয়।পরে মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার আগে তাকে বিয়ে দেওয়া হবে না—মর্মে পরিবারের পক্ষ থেকে মুচলেকা নেওয়া হয়।একই সঙ্গে কিশোরীকে নিয়মিত পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়।
অভিযানে মহিলা বিষয়ক কর্মকর্তা ও তাঁর কার্যালয়ের স্টাফ এবং মনোহরদী থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।অভিযানটি পরিচালনা করেন মনোহরদীর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. সজীব মিয়া।
IPCS News : Dhaka : মোঃ তাজুল ইসলাম বাদল : নরসিংদী।

