মঙ্গলবার ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ৪ লাখ ৩৮ হাজার টাকার চেক বিতরণ, সম্মান ও কল্যাণে কাজ অব্যাহত রাখার অঙ্গীকার

আপডেটঃ ১১:২৬ পূর্বাহ্ণ | জুন ২৩, ২০২৬

নিউজ ডেস্কঃ

রাজশাহী:- রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২২ জুন) সকাল ১১টায় জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী (ঈশা)।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মো. এরশাদ আলী বলেন, বীর মুক্তিযোদ্ধাদের অসীম ত্যাগ, সাহস ও আত্মবলিদানের মধ্য দিয়েই বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে।

জাতির এই শ্রেষ্ঠ সন্তানদের প্রতি সম্মান প্রদর্শন করা শুধু রাষ্ট্রের নয়, প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব।তিনি বলেন, নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও চেতনা তুলে ধরতে হবে, যাতে তারা দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও অসাম্প্রদায়িক আদর্শে উদ্বুদ্ধ হয়ে উন্নত ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে পারে।

তিনি আরও বলেন, বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণ, সম্মান ও মর্যাদা রক্ষায় সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।সেই ধারাবাহিকতায় রাজশাহী জেলা পরিষদও মুক্তিযোদ্ধাদের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করে যাচ্ছে।আজকের এই চেক বিতরণ শুধু আর্থিক সহায়তা নয়, বরং জাতির পক্ষ থেকে তাদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ।

মুক্তিযোদ্ধাদের জীবনমান উন্নয়ন এবং যথাযথ মর্যাদা নিশ্চিত করতে জেলা পরিষদের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা, প্রধান সহকারী এস. এম. আল মতিন, উপ-সহকারী প্রকৌশলী এ. কে. এম. আনোয়ার হোসেন এবং প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুল আলিম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী প্রকৌশলী মো. আল আমীন মল্লিক।আলোচনা সভায় জেলার বিভিন্ন এলাকার বীর মুক্তিযোদ্ধারা অংশগ্রহণ করেন।এছাড়াও জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।সভা শেষে ৭৩ জন বীর মুক্তিযোদ্ধার মাঝে মোট ৪ লাখ ৩৮ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করেন অতিথিরা।

IPCS News : Dhaka : বাবুল : রাজশাহী।