সোমবার ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

সাতক্ষীরায় গৃহবধূর বিষপানে আত্মহত্যা, বিনা ময়নাতদন্তে লাশ দাফন

আপডেটঃ ২:০২ অপরাহ্ণ | আগস্ট ২৪, ২০২৬

নিউজ ডেস্কঃ

সাতক্ষীরার শ্যামনগরে কীটনাশক পানে মিনারা বেগম (২৭) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।রোববার (২৩ আগস্ট) দুপুরে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।এর আগে সকাল ৯টার দিকে বাবার বাড়িতে তিনি কীটনাশক পান করেন।নিহত মিনারা বেগম উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের মুন্দিরআটি গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী এবং এক কন্যা সন্তানের জননী।নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে গত প্রায় দুই বছর ধরে মিনারা তার বাবা মুনসুর রহমান মোল্যার বাড়িতে অবস্থান করছিলেন।

তিনি দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন এবং এর আগে একাধিকবার তাকে মানসিক রোগ বিশেষজ্ঞের কাছে চিকিৎসা করানো হয়।রোববার সকালে নিজ শোবার ঘরে প্রবেশ করে তিনি কীটনাশক পান করেন।এসময় বিষের গন্ধে ও তার কাশির শব্দে পরিবারের সদস্যরা দ্রুত ঘরে ঢুকে তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শাকির হোসেন জানান, গৃহবধূ প্রচুর পরিমাণে কীটনাশক পান করেছিলেন।তাকে হাসপাতালে আনার পর পাকস্থলী ওয়াশ (Wash) করা হলেও চিকিৎসাধীন অবস্থায় অল্প সময়ের মধ্যেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাফিউল ইসলাম জানান, নিহত গৃহবধূ মানসিক রোগে আক্রান্ত ছিলেন মর্মে পরিবার প্রমাণাদি উপস্থাপন করেছে।কোনো অভিযোগ না থাকায় এবং সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

IPCS News : Dhaka : আব্দুল মোমিন : সাতক্ষীরা।