মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
আপডেটঃ ২:৫৩ অপরাহ্ণ | আগস্ট ২৩, ২০২৬
নিউজ ডেস্কঃ
নরসিংদীর মনোহরদীতে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।উপজেলার কাচিকাটা ইউনিয়নের খাড়াব এলাকায় এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন শিশুটির বাবা।এ ঘটনায় একই এলাকার ছামেদ ভূইয়া (৫০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে মনোহরদী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন শিশুটির বাবা মো. লিটন ভূইয়া (৪৫)।লিখিত অভিযোগে বলা হয়েছে, গত ২০ আগস্ট দুপুরে বাড়ির উঠানে খেলাধুলার সময় শিশুটিকে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে নিজ ঘরে নিয়ে যান অভিযুক্ত ব্যক্তি।সেখানে তাকে জোরপূর্বক যৌন নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করা হয়।
বিষয়টি কাউকে জানালে শিশুটিকে ক্ষতি করার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।পরিবারের অভিযোগ, ঘটনার পর শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে গত ২২ আগস্ট দুপুরে সে বিষয়টি তার মাকে জানায়।পরে পরিবারের সদস্যরা শিশুটিকে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা শেষে উন্নত চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষার জন্য শিশুটিকে নরসিংদী সদর হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানোর পরামর্শ দেন।এ ঘটনায় শিশুটির বাবা মনোহরদী থানায় লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
অভিযোগ পাওয়ার পর বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে।অভিযোগের ভিত্তিতে আইনগত প্রক্রিয়া চলছে।অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।তবে অভিযোগটি তদন্তাধীন রয়েছে।পুলিশ জানিয়েছে, তদন্তের পর ঘটনার প্রকৃত বিষয় এবং অভিযোগের সত্যতা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
IPCS News : Dhaka : মোঃ তাজুল ইসলাম বাদল : নরসিংদী।

