রাজশাহীতে আরএমপির ঐতিহাসিক নামফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী
আপডেটঃ ২:২৩ অপরাহ্ণ | আগস্ট ২৩, ২০২৬
নিউজ ডেস্কঃ
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কার্যক্রম শুরুর ঐতিহাসিক নামফলক পুনঃস্থাপনের পর তা আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছেন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী মিজানুর রহমান মিনু, এমপি।শুক্রবার (২২ আগস্ট) বেলা ১১টায় আরএমপি সদর দপ্তর প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে তিনি নামফলকটি উন্মোচন করেন।রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।দীর্ঘদিন নিখোঁজ থাকার পর আরএমপির প্রতিষ্ঠার মূল নামফলকটি অনুসন্ধানের মাধ্যমে উদ্ধার করে আগের আদলে পুনঃস্থাপন করা হয়েছে।
ঐতিহাসিক এ স্মারক পুনঃস্থাপনের মাধ্যমে আরএমপির প্রতিষ্ঠার সঙ্গে জড়িত গুরুত্বপূর্ণ ইতিহাস সংরক্ষণ করা সম্ভব হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।সভাপতির বক্তব্যে পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির বলেন, নামফলকটি পুনঃস্থাপন ও উন্মোচনের আয়োজন আরএমপির জন্য একটি ঐতিহাসিক ও আনন্দের মুহূর্ত।
অনেক অনুসন্ধানের পর দীর্ঘদিন নিখোঁজ থাকা আরএমপির প্রতিষ্ঠার মূল ফলকটি উদ্ধার করা হয়।রাজশাহী সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়রের উদ্যোগে তৈরি করা ফলকটি হুবহু আগের অবস্থায় পুনঃস্থাপন করা হয়েছে।প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, ১৯৯২ সালের দিকে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্যোগে রাজশাহীতে আরএমপি প্রতিষ্ঠার শুভ সূচনা হয়।
তিনি এ উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট প্রয়াত নেতাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাঁদের আত্মার মাগফেরাত কামনা করেন।তিনি বলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ বর্তমানে জনগণের সেবা ও আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। রাজশাহীতে জুয়া, মাদক চোরাচালান ও ভূমিদস্যুতা নির্মূলে কঠোর ব্যবস্থা নিতে হবে।
একই সঙ্গে আইনের শাসন নিশ্চিত করতে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ ছাড়াই আইনকে নিজস্ব গতিতে চলতে দিতে হবে।ভূমিমন্ত্রী আরও বলেন, আইন সবার জন্য সমান।কেউ অপরাধ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।এমনকি নিজের সন্তান অপরাধ করলেও তার বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে।
বক্তব্য শেষে ভূমিমন্ত্রী আরএমপির কার্যক্রম শুরুর পুনঃস্থাপিত ঐতিহাসিক নামফলকটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন। পরে দেশ ও জাতির কল্যাণ, প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত, আরএমপির উত্তরোত্তর সাফল্য এবং সংশ্লিষ্ট সবার মঙ্গল কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন, সিনিয়র জেলা ও দায়রা জজ এ এইচ এম মাহমুদুর রহমান, রাজশাহী বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সুইট, বন কর্পোরেশনের চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন বুলবুল, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা এবং মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন।
এ ছাড়া রাজশাহী জেলার জেলা প্রশাসক, রাজশাহী রেঞ্জের ডিআইজির প্রতিনিধি, রাজশাহী পুলিশ সুপারের প্রতিনিধি, এনএসআই ও ডিজিএফআইয়ের প্রতিনিধিসহ গণপূর্ত বিভাগ-১-এর কর্মকর্তা এবং আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।

