রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ট্যাপেন্টাডল-ইয়াবা ও গাঁজা উদ্ধার
আপডেটঃ ১২:৩৯ অপরাহ্ণ | জুন ২২, ২০২৬
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী মহানগরীতে চলমান মাদকবিরোধী অভিযানে নারীসহ ৮ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।এ সময় তাদের কাছ থেকে ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করা হয়েছে।অভিযানে মাদক পরিবহন ও সংরক্ষণের কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী এবং নগদ অর্থও জব্দ করা হয়।আরএমপি সূত্র জানায়, পুলিশ কমিশনারের প্রত্যক্ষ দিকনির্দেশনায় চন্দ্রিমা, এয়ারপোর্ট, কর্ণহার, পবা থানা পুলিশ এবং কাশিয়াডাঙ্গা থানার কেশবপুর পুলিশ ফাঁড়ি পৃথক পৃথক অভিযান পরিচালনা করে।
এসব অভিযানে সোহাগ ইসলাম (৩০), তামিম আলী (২২), রানা আলী (৫৫), সুফি রুবায়েত (২৬), মাহাবুর ইসলাম (২৩), টিয়ারুল ইসলাম ওরফে আশরাফুল (৩৮), সাইফুল ইসলাম (৩৬) এবং মিরা খাতুন (৩০) নামে ৮ জনকে গ্রেপ্তার করা হয়।অভিযানের সময় রোজিনা খাতুন ওরফে রুবি ওরফে রুজি (৪০) নামে এক আসামি পালিয়ে যায়।
পুলিশ জানায়, গত ১৯ ও ২০ জুন মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।চন্দ্রিমা থানার মেহেরচণ্ডী কড়াইতলা, রাজশাহী-নওগাঁ মহাসড়কের বায়া পাঁচবিল্ডিং মোড়, কর্ণহার থানার বিলধরমপুর গ্রাম, কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া এবং পবা থানার পশ্চিম পুঠিয়াপাড়া এলাকায় পৃথক অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃতদের দেহ তল্লাশি করে ৭ পিস ট্যাপেন্টাডল, ২২ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।এছাড়া মাদক সংরক্ষণ, বহন ও সরবরাহের কাজে ব্যবহৃত একটি মানিব্যাগ, একটি মোটরসাইকেল ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।একই সঙ্গে মাদক বিক্রির নগদ ১ হাজার ৩০ টাকা উদ্ধার করে জব্দ করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আশরাফুলের বিরুদ্ধে কর্ণহার থানায় দুটি এবং রাজশাহী জেলার তানোর থানায় দুটি মাদক মামলা বিচারাধীন রয়েছে।এ ঘটনায় গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
একই সঙ্গে পলাতক আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।

