রবিবার ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

মনোহরদীতে শহিদ জুলাই দিবস পালিত, শহিদদের আত্মত্যাগের আদর্শ ধারণের আহ্বান

আপডেটঃ ৩:৫১ অপরাহ্ণ | জুলাই ১৮, ২০২৬

নিউজ ডেস্কঃ

নরসিংদীর মনোহরদীতে যথাযোগ্য মর্যাদায় শহিদ জুলাই দিবস পালন করা হয়েছে।দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, শহিদদের স্মরণে নীরবতা পালন এবং বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে শহিদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।অনুষ্ঠানের শুরুতে জুলাইয়ের শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।পরে শহিদদের আত্মার মাগফিরাত এবং জুলাই আন্দোলনে আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা রুনা আক্তার, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা, মনোহরদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুজন বর্মণসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জুলাই আন্দোলনে আহত ব্যক্তিরা, বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাইয়ের শহিদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে এক গৌরবময় ও অনুপ্রেরণার অধ্যায়।তাঁদের আত্মদান দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, ন্যায়বিচার এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আন্দোলনকে নতুন শক্তি ও দিকনির্দেশনা দিয়েছে।

শহিদদের আদর্শ ধারণ করে দেশপ্রেম, মানবিক মূল্যবোধ এবং আইনের শাসন প্রতিষ্ঠায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।বক্তারা আরও বলেন, শহিদ পরিবারের সদস্য এবং জুলাই আন্দোলনে আহতদের যথাযথ পুনর্বাসন ও সার্বিক সহযোগিতা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের সম্মিলিত দায়িত্ব।

তাঁদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি আগামী প্রজন্মের কাছে জুলাইয়ের ইতিহাস ও চেতনা তুলে ধরার ওপরও গুরুত্বারোপ করা হয়।

IPCS News : Dhaka : মোঃ তাজুল ইসলাম বাদল : মনোহরদী।