মনোহরদীর রাকিব রহমানের রেস্তোরাঁ পেল ব্রিটেনের ‘কারি লাইফ অ্যাওয়ার্ড’
আপডেটঃ ৩:১২ অপরাহ্ণ | অক্টোবর ১০, ২০২৬
নিউজ ডেস্কঃ
নরসিংদীর মনোহরদী উপজেলার সন্তান রাকিব রহমানের মালিকানাধীন যুক্তরাজ্যের হুইচার্চের ‘স্পাইস হেভেন’ রেস্তোরাঁ ‘কারি লাইফ অ্যাওয়ার্ডস ২০২৬’-এ বর্ষসেরা রেস্তোরাঁর স্বীকৃতি অর্জন করেছে।দীর্ঘ ২৫ বছরের গ্রাহক-আস্থা, ধারাবাহিক মানোন্নয়ন এবং মেনুতে বৈচিত্র্য আনার প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে রেস্তোরাঁটি এ পুরস্কার পেয়েছে।রাকিব রহমান মনোহরদী পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল খালেকের ছেলে।গত ৪ অক্টোবর রোববার লন্ডনের পার্ক লেনের ইন্টারকন্টিনেন্টাল হোটেলে জমকালো আয়োজনে ‘কারি লাইফ অ্যাওয়ার্ডস ২০২৬’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিবিসির উপস্থাপক ও সাংবাদিক জন কে এবং লক্ষ্মী গোপাল।যুক্তরাজ্যের কারি শিল্পের বিভিন্ন খাতে অবদান রাখা রেস্তোরাঁ, টেকঅ্যাওয়ে প্রতিষ্ঠান ও শেফদের মধ্য থেকে বিজয়ীদের নির্বাচন করা হয়।আয়োজকদের তথ্য অনুযায়ী, দেশজুড়ে গ্রাহকদের ভোট এবং বিচারকদের বাছাই প্রক্রিয়ার মাধ্যমে পুরস্কারপ্রাপ্তদের নির্বাচন করা হয়েছে।
কারি লাইফ মিডিয়া গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ‘কারি লাইফ’ ম্যাগাজিন এ পুরস্কারের আয়োজন করে।দীর্ঘদিন ধরে গ্রাহকদের আস্থা ধরে রাখা এবং খাবারের মান ও মেনুতে ধারাবাহিক উন্নয়ন স্পাইস হেভেনের এ স্বীকৃতি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।রেস্তোরাঁটির মালিক রাকিব রহমানের কাছে গ্রাহকদের বিশ্বাসই সবচেয়ে বড় অর্জন।
বছরের পর বছর পুরোনো গ্রাহকদের ফিরে আসা এবং তাঁদের পরিবারের নতুন প্রজন্মের সদস্যদেরও রেস্তোরাঁটির সঙ্গে পরিচিত হতে দেখা তাঁর ব্যবসায়িক পথচলায় অনুপ্রেরণা জুগিয়েছে।গ্রাহকদের সঙ্গে দীর্ঘদিনের এই সম্পর্ক ও খাবারের মান বজায় রাখার প্রচেষ্টাই স্পাইস হেভেনকে এ স্বীকৃতি এনে দিয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
যুক্তরাজ্যের অর্থনীতি ও কর্মসংস্থানে কারি শিল্পের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে।এ শিল্পের বার্ষিক লেনদেন চার বিলিয়ন পাউন্ডেরও বেশি।দেশটিতে ১০ হাজারের বেশি কারি রেস্তোরাঁ ও টেকঅ্যাওয়ে প্রতিষ্ঠান রয়েছে, যার অধিকাংশই ক্ষুদ্র ও মাঝারি এবং পরিবারভিত্তিক ব্যবসা।এসব প্রতিষ্ঠান স্থানীয় অর্থনীতি, কর্মসংস্থান সৃষ্টি এবং বিভিন্ন কমিউনিটির বিকাশে অবদান রাখছে।
কারি লাইফের সম্পাদক সৈয়দ বেলাল আহমেদ বলেন, যুক্তরাজ্যের কারি শিল্পে অনেক অনুপ্রেরণাদায়ী ব্যবসায়ী ও রেস্তোরাঁ মালিক রয়েছেন।তাঁদের কঠোর পরিশ্রম ও অর্জন জাতীয় পর্যায়ে তুলে ধরার সুযোগ করে দিতে পেরে তাঁরা আনন্দিত।এ ধরনের স্বীকৃতি ব্যবসায়ীদের সামনে এগিয়ে যেতে উৎসাহিত করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডরসেটের ওয়েমাউথের এমপি লয়েড হ্যাটন, সমারসেটের টনটনের এমপি গিডিওন আমোস ওবিই, বেথনাল গ্রিন অ্যান্ড স্টেপনির এমপি রুশনারা আলী এবং ব্রেন্ট ইস্টের এমপি ডন বাটলারসহ বিশিষ্ট ব্যক্তিরা।
এ অর্জনে আনন্দ প্রকাশ করে রাকিব রহমান বলেন, বাংলাদেশি হিসেবে এ প্রতিযোগিতায় বর্ষসেরা রেস্তোরাঁর পুরস্কার পেয়ে তিনি অত্যন্ত আনন্দিত ও গর্বিত।এ সময় তিনি সবার কাছে দোয়া কামনা করেন।যুক্তরাজ্যে বাংলাদেশি বংশোদ্ভূত একজন উদ্যোক্তার এ স্বীকৃতি মনোহরদীর মানুষের মধ্যেও আনন্দ ও গর্বের উপলক্ষ হয়ে উঠেছে।
IPCS News : Dhaka : তাজুল ইসলাম বাদল : নরসিংদী।

