রবিবার ১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রাজশাহীতে আন্তর্জাতিক জুনিয়র টেনিসের মেয়েদের ফাইনালে চীনের দুই খেলোয়াড়

আপডেটঃ ১১:৫৭ পূর্বাহ্ণ | অক্টোবর ১০, ২০২৬

নিউজ ডেস্কঃ

রাজশাহীতে চলমান ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের মেয়েদের এককের ফাইনালে মুখোমুখি হচ্ছেন চীনের দুই খেলোয়াড় সিয়ান জিয়াঙ ও জিমো সঙ।বৃহস্পতিবার (৮ অক্টোবর) সেমিফাইনালে নিজ নিজ প্রতিপক্ষকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন তাঁরা।শুক্রবার সকালে এই ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।সেমিফাইনালে সিয়ান জিয়াঙ ৬-৩, ৬-৩ সেটে চীনের জেনসি ডঙকে পরাজিত করেন।অন্য সেমিফাইনালে জিমো সঙ প্রথম সেটে ৬-০ ব্যবধানে জয় পান এবং দ্বিতীয় সেটে ১-০ ব্যবধানে এগিয়ে ছিলেন।

এ সময় কোমরের চোটের কারণে তাঁর প্রতিপক্ষ জিকান ইয়াঙ খেলা চালিয়ে যেতে না পারায় অবসর নেন।ফলে ফাইনালে ওঠেন জিমো সঙ।মেয়েদের এককের ফাইনালে দুই চীনা খেলোয়াড়ের লড়াই ঘিরে টুর্নামেন্টে আগ্রহ তৈরি হয়েছে।ফাইনাল নিয়ে জিমো সঙ জানান, তাঁরা নিজেদের সেরাটা দিয়ে খেলতে চান এবং ভালো ফল অর্জনের প্রত্যাশা করছেন।

কে চ্যাম্পিয়ন হবেন—এমন প্রশ্নে হাসতে হাসতে নিজের দিকে ইশারা করে তিনি চ্যাম্পিয়ন হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।সিয়ান জিয়াঙও শিরোপা জয়ের প্রত্যাশা করছেন।টুর্নামেন্টের রেফারি জয় মুখার্জী বলেন, বৃষ্টির কারণে খেলার সূচিতে কিছুটা পিছিয়ে পড়তে হয়েছে।তবে নির্ধারিত সময়ের মধ্যে টুর্নামেন্ট শেষ করার চেষ্টা চলছে।

বিদেশি খেলোয়াড় ও কর্মকর্তারা রাজশাহীর পরিবেশ উপভোগ করছেন জানিয়ে তিনি বলেন, এখানকার সবুজ পরিবেশ এবং দর্শকদের উৎসাহ খেলোয়াড়দের ভালো লাগছে।চীনের টেনিসের অগ্রগতি প্রসঙ্গে জয় মুখার্জী বলেন, এশিয়ার টেনিসে চীন বর্তমানে শক্ত অবস্থানে রয়েছে।বিশ্ব টেনিসেও দেশটির অবস্থান আগের চেয়ে শক্তিশালী হয়েছে।

জুনিয়র পর্যায়ে চীনের খেলোয়াড়েরা এশিয়ার অন্যান্য দেশের খেলোয়াড়দের তুলনায় এগিয়ে রয়েছেন।আগামী কয়েক বছরের মধ্যে চীনের কোনো খেলোয়াড় গ্র্যান্ড স্ল্যাম শিরোপাও জিততে পারেন বলে তিনি আশা প্রকাশ করেন।এদিকে ছেলেদের এককের সেমিফাইনালেও জমজমাট লড়াইয়ের অপেক্ষা করছেন দর্শকেরা।

কোয়ার্টার ফাইনালে হংকংয়ের শিব মহনকে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন থাইল্যান্ডের লিকুল পার্টচারাপুল।অন্যদিকে চীনের লিমো জোকে পরাজিত করে শেষ চারে জায়গা করে নিয়েছেন হংকংয়ের চুন কিউ লক।ভারতের জাগ্রুতকে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন চীনের ফ্যাং টিয়ানি। তাঁর প্রতিপক্ষ হিসেবে থাকছেন তাইওয়ানের জিচে চেন।

ছেলেদের সেমিফাইনালে লিকুল পার্টচারাপুলের মুখোমুখি হবেন চুন কিউ লক।অপর সেমিফাইনালে লড়বেন ফ্যাং টিয়ানি ও জিচে চেন।আয়োজকেরা জানান, বৃষ্টির কারণে সূচিতে কিছুটা পরিবর্তন এলেও মেয়েদের এককের ফাইনাল, ছেলেদের সেমিফাইনাল এবং ডাবলসের ফাইনাল আয়োজনের প্রস্তুতি চলছে।জয় মুখার্জীর মতে, ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।

কারণ, শেষ পর্যায়ে উঠে আসা খেলোয়াড়েরা ভালো র‌্যাংকিংধারী এবং একাধিক কঠিন ম্যাচ জিতে নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েছেন।

IPCS News : Dhaka : বাবুল : রাজশাহী।