মনোহরদীতে রাজস্ব প্রশাসনের বিদায় সংবর্ধনায় সম্মানিত ইউএনও এম এ মুহাইমিন আল জিহান
আপডেটঃ ১২:৩৪ অপরাহ্ণ | আগস্ট ০৬, ২০২৬
নিউজ ডেস্কঃ
নরসিংদীর মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এ মুহাইমিন আল জিহানকে উপজেলা রাজস্ব প্রশাসনের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে রাজস্ব প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থেকে তাঁর কর্মজীবনের সাফল্য ও অবদানের কথা স্মরণ করেন।অনুষ্ঠানে মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ভূমি অফিসের কানুনগো হাবিবুর রহমান, চন্দনবাড়ি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আলিম উদ্দিন, দৌলতপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আরিফ বিন জাহিদ, পুটিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কামাল হোসেনসহ রাজস্ব প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।বক্তারা ইউএনওর নেতৃত্ব, কর্মদক্ষতা এবং জনসেবামুখী প্রশাসনিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।
সভাপতির বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব মিয়া বলেন, ইউএনও এম এ মুহাইমিন আল জিহানের নেতৃত্বে মনোহরদীতে ভূমি প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল হয়েছে।জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে তিনি সবসময় আন্তরিক ছিলেন।স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনকল্যাণমুখী প্রশাসন গড়ে তুলতে তাঁর অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
তিনি ইউএনওর কর্মজীবনের উত্তরোত্তর সফলতা কামনা করেন।বিদায়ী বক্তব্যে ইউএনও এম এ মুহাইমিন আল জিহান বলেন, মনোহরদীতে দায়িত্ব পালন তাঁর কর্মজীবনের অন্যতম স্মরণীয় অধ্যায়।এখানকার মানুষ, সহকর্মী এবং রাজস্ব প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক সহযোগিতা ছাড়া কোনো অর্জনই সম্ভব হতো না।
সরকারি চাকরিতে বদলি একটি স্বাভাবিক প্রক্রিয়া উল্লেখ করে তিনি বলেন, মনোহরদীর মানুষের ভালোবাসা ও সহকর্মীদের আন্তরিকতা সবসময় স্মরণে থাকবে এবং নতুন কর্মস্থলেও একই নিষ্ঠা, সততা ও দায়বদ্ধতার সঙ্গে জনগণের সেবায় কাজ করে যাবেন।
অনুষ্ঠানের শেষে রাজস্ব প্রশাসনের পক্ষ থেকে ইউএনও এম এ মুহাইমিন আল জিহানকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। একই সঙ্গে ভূমি অফিসের বিদায়ী কর্মকর্তাদেরও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা ইউএনওর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং নতুন কর্মস্থলে সফলতা কামনা করেন।
IPCS News : Dhaka : মোঃ তাজুল ইসলাম বাদল : নরসিংদী।

