ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের জনসচেতনতায় মুখ্য সমন্বয়ক আলী রীয়াজ
আপডেটঃ ১২:৫৪ অপরাহ্ণ | ডিসেম্বর ২৫, ২০২৫
নিউজ ডেস্কঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটকে সামনে রেখে জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়কের দায়িত্ব পেয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ।অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ এই দায়িত্ব পালনের মাধ্যমে নির্বাচন ও গণভোট বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা বাড়ানোর সমন্বিত কার্যক্রম পরিচালনা করবেন তিনি।
বুধবার (২৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে অধ্যাপক আলী রীয়াজকে এ দায়িত্ব প্রদান করা হয়। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত সূচি অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।নির্বাচনকে কেন্দ্র করে বিশেষ করে গণভোট বিষয়ে দেশব্যাপী ব্যাপক প্রচার ও জনসম্পৃক্ততা তৈরির উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। সরকারের বিভিন্ন দপ্তর ও সংস্থার সমন্বয়ে পরিচালিত এই প্রচার কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধান ও সমন্বয়ের দায়িত্ব পালন করবেন অধ্যাপক আলী রীয়াজ, যাকে নির্বাচন ও গণভোট সংক্রান্ত জনসচেতনতা কার্যক্রমের কেন্দ্রীয় মুখ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
উল্লেখ্য, গত ১৩ নভেম্বর অধ্যাপক আলী রীয়াজকে উপদেষ্টা পদমর্যাদায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতির দায়িত্ব পালন করেন এবং রাজনৈতিক ও সাংবিধানিক সংস্কার প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা রাখেন।
IPCS News : Dhaka :

