বুধবার ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

পুলিশের সঙ্গে জনগণের পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার আহ্বান

আপডেটঃ ২:২৯ অপরাহ্ণ | আগস্ট ২৬, ২০২৬

নিউজ ডেস্কঃ

পুলিশের কাছ থেকে জনগণ যেমন সম্মানজনক ও সহযোগিতাপূর্ণ আচরণ প্রত্যাশা করেন, তেমনি আইনশৃঙ্খলা রক্ষা ও নাগরিক সেবা নিশ্চিত করতে পুলিশের প্রতিও জনগণের সৌজন্য, শ্রদ্ধা ও সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা।সম্প্রতি থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে আলাপকালে তিনি বলেন, পুলিশের কাছে আপনি যেমন ব্যবহার আশা করেন, পুলিশের সঙ্গেও তেমন ব্যবহার করুন।থানায় কোনো নাগরিক সেবা নিতে এলে তার কথা মনোযোগ দিয়ে শোনা এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা পুলিশের দায়িত্ব।

তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে পুলিশ সদস্যরা মব ও নানা ধরনের হয়রানির শিকার হয়েছেন।এতে পেশাগত মনোবলে নেতিবাচক প্রভাব পড়লেও বর্তমানে পরিস্থিতির উন্নতি হচ্ছে এবং পুলিশ সদস্যরা পুনরায় পূর্ণ উদ্যমে দায়িত্ব পালন করছেন।পাশাপাশি জনবান্ধব ও নতুন ধারার পুলিশিং চর্চাও এগিয়ে চলছে।

মাদক নিয়ন্ত্রণ প্রসঙ্গে ওসি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি শিথিল থাকার সুযোগে দেশে বিপুল পরিমাণ মাদক প্রবেশ করেছে।এসব মাদক নিয়ন্ত্রণে  রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।তিনি জানান, ২৪ এপ্রিল থেকে ২৪  আগস্ট ২০২৬ পর্যন্ত চার মাসে মনোহরদী থানায় মাদকসংক্রান্ত ৫৭টি মামলা হয়েছে এবং ৮৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

এ সময় ১ হাজার ৪৬৯ পিস ইয়াবা, ৫ লিটার চোলাই মদ, ৯ লিটার দেশীয় মদ ও ১৩৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।একই সময়ে মোবাইল কোর্টের মাধ্যমে ১৮টি মামলা করা হয়েছে।ওসি জাহাঙ্গীর বাদশা বলেন, পুলিশ ও জনগণ একে অপরের প্রতিপক্ষ নয়।নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে উভয়ের মধ্যে আস্থা, শ্রদ্ধা ও সহযোগিতার সম্পর্ক থাকা জরুরি।

তিনি থানাকে শুধু মামলা বা গ্রেপ্তারের স্থান নয়, বরং জনগণের আস্থা ও সহযোগিতার কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।মনোহরদীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করে তিনি বলেন, সন্ত্রাস, মাদক ও অপরাধ দমনে পুলিশ দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে।

তবে স্থানীয়দের প্রত্যাশা, মাদক নিয়ন্ত্রণে পুলিশের আরও কার্যকর ও দৃশ্যমান ভূমিকার পাশাপাশি মাদকের উৎস শনাক্ত, সরবরাহ বন্ধ এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে জনসম্পৃক্ততা আরও বাড়ানো হবে। 

IPCS News : Dhaka : মোঃ তাজুল ইসলাম বাদল : নরসিংদী।