মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

মনোহরদীর চর আহাম্মদ গ্রামে দীর্ঘদিনের জলাবদ্ধতায় পানিবন্দি শতাধিক পরিবার, চরম দুর্ভোগে এলাকাবাসী

আপডেটঃ ৪:০৭ অপরাহ্ণ | জুলাই ১৩, ২০২৬

নিউজ ডেস্কঃ

নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চর আহাম্মদ গ্রামে দীর্ঘদিনের জলাবদ্ধতা আবারও ভয়াবহ রূপ নিয়েছে।টানা বৃষ্টিপাতে এলাকার প্রায় ১০০টি পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে।ঘরবাড়ি, উঠান ও চলাচলের রাস্তা পানিতে তলিয়ে যাওয়ায় স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা না থাকায় প্রতি বর্ষা মৌসুমেই একই দুর্ভোগের মুখোমুখি হতে হচ্ছে তাদের।স্থানীয়দের অভিযোগ, অনেক বাড়ির ঘরের ভেতরে পানি ঢুকে পড়েছে।

রান্নাঘরে পানি ওঠায় স্বাভাবিকভাবে রান্নাবান্না করা সম্ভব হচ্ছে না।অনেক পরিবার চুলা জ্বালাতে না পেরে চরম দুর্ভোগে পড়েছে।নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী সংগ্রহ, নিরাপদে চলাচল এবং দৈনন্দিন কাজকর্ম সম্পন্ন করাও কঠিন হয়ে পড়েছে।ঘর থেকে বের হওয়াই যেন এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।ফলে শিশু থেকে শুরু করে নারী, বৃদ্ধ ও কর্মজীবী মানুষ—সবাই দুর্ভোগের শিকার হচ্ছেন।

জলাবদ্ধতার সবচেয়ে বেশি প্রভাব পড়েছে শিশু, নারী, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিদের ওপর।স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে না।ছোট শিশুদের নিরাপত্তা নিয়ে সারাক্ষণ উৎকণ্ঠায় রয়েছেন অভিভাবকরা।পানিতে পড়ে দুর্ঘটনার আশঙ্কার পাশাপাশি এলাকায় সাপের উপদ্রবও বেড়ে গেছে।

বিষধর সাপ ঘরে ঢুকে পড়ার ভয়ে দিন-রাত আতঙ্কে সময় কাটাচ্ছেন বাসিন্দারা।এদিকে দীর্ঘদিন পানি জমে থাকায় নিরাপদ সুপেয় পানির সংকটও দেখা দিয়েছে।বিশুদ্ধ পানি সংগ্রহ করা কঠিন হয়ে পড়েছে বলে জানান স্থানীয়রা।রোগীকে হাসপাতালে নেওয়া, কর্মস্থলে যাতায়াত, বাজার করা এবং অন্যান্য জরুরি কাজ সম্পন্ন করতেও চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

একই সঙ্গে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার কারণে ডায়রিয়া, চর্মরোগসহ বিভিন্ন পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে এলাকাবাসী উদ্বেগ প্রকাশ করেছেন।জলাবদ্ধতার কারণে ধর্মীয় কার্যক্রমও ব্যাহত হচ্ছে।চারদিকে পানি জমে থাকায় স্থানীয় মসজিদে মুসল্লিদের যাতায়াতে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে।

বিশেষ করে বয়স্ক মুসল্লি, শিশু ও অসুস্থ ব্যক্তিদের জন্য জামাতে নামাজ আদায় করতে মসজিদে পৌঁছানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে।অনেকেই বাধ্য হয়ে ঘরে নামাজ আদায় করছেন।স্থানীয়দের ভাষ্য, এটি নতুন কোনো সমস্যা নয়।বছরের পর বছর ধরে তারা একই দুর্ভোগের শিকার হয়ে আসছেন।পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই পুরো এলাকা জলমগ্ন হয়ে যায়।

এ বিষয়ে একাধিকবার জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন-নিবেদন করা হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা।ক্ষোভ প্রকাশ করে এলাকাবাসী বলেন, “আমরা আর আশ্বাস চাই না, চাই স্থায়ী সমাধান।বছরের পর বছর পানির মধ্যে মানবেতর জীবন কাটাচ্ছি।

আমাদের একটাই দাবি—মনোহরদী উপজেলা প্রশাসন দ্রুত কার্যকর উদ্যোগ নিয়ে স্থায়ীভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা করুক।এলাকাবাসীর দাবি, দ্রুত কার্যকর পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করা না হলে আগামী দিনে দুর্ভোগ আরও বাড়বে।এর ফলে জনস্বাস্থ্য, শিক্ষা, ধর্মীয় কার্যক্রম এবং এলাকার স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন চর আহাম্মদ গ্রামের বাসিন্দারা।

IPCS News : Dhaka : মোঃ তাজুল ইসলাম বাদল : নরসিংদী।