মনোহরদীতে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু: শোকসন্তপ্ত পরিবারের পাশে ইউএনও, আর্থিক সহায়তা প্রদান
আপডেটঃ ২:১৯ অপরাহ্ণ | জুলাই ০৬, ২০২৬
নিউজ ডেস্কঃ
নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নে পুকুরে গোসল করতে নেমে একই পরিবারের তিন শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।রোববার (৫ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. এ. মোহাইমিন আল জিহান এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া নিহত শিশুদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সমবেদনা জানান এবং তাদের সান্ত্বনা দেন।এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, খিদিরপুর ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।পরে ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) দুর্ঘটনাস্থল পরিদর্শন করে নিহত শিশুদের বাবা-মায়ের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত প্রত্যেক শিশুর পরিবারের হাতে তাৎক্ষণিকভাবে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
পরিদর্শন শেষে প্রশাসনের কর্মকর্তারা স্থানীয় ব্যক্তিদের সঙ্গে নিয়ে নিহত শিশুদের কবর জিয়ারত করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।এ সময় ইউএনও এম. এ. মোহাইমিন আল জিহান বলেন, “একই পরিবারের তিনটি নিষ্পাপ শিশুর এমন অকাল মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক।
এই কঠিন সময়ে আমরা শোকসন্তপ্ত পরিবারের পাশে আছি এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।দুর্ঘটনার পরপরই প্রত্যন্ত অঞ্চলের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়ে প্রশাসনের তাৎক্ষণিক মানবিক ও আর্থিক সহায়তা প্রদানের উদ্যোগ স্থানীয় সুশীল সমাজ ও সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছে।
এলাকাবাসী উপজেলা প্রশাসনের সংবেদনশীল ও মানবিক ভূমিকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
IPCS News : Dhaka : মোঃ তাজুল ইসলাম বাদল : নরসিংদী।

