রবিবার ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

নেত্রকোণার বারহাট্টায় আমন মৌসুমে কৃত্রিম সার সংকট-ডিলারদের বিরুদ্ধে অভিযোগ

আপডেটঃ ১২:৫৮ অপরাহ্ণ | আগস্ট ৩০, ২০২৬

নিউজ ডেস্কঃ

নেত্রকোনা আমন মৌসুমের শুরুতেই জেলার বারহাট্টা উপজেলায় কৃত্রিম সার সংকট সৃষ্টি করেছে ডিলারগণ।অতিরিক্ত দামে সার বিক্রি এবং সরকারি সরবরাহ ব্যবস্থায় অনিয়মের অভিযোগ উঠেছে কয়েকজন বিসিআইসি সার ডিলারের বিরুদ্ধে।এতে সময়মতো ন্যায্যমূল্যে সার না পেয়ে চরম ভোগান্তিতে পড়েছেন কৃষকরা।সরেজমিন অনুসন্ধানে জানা যায়,উপজেলার বিসিআইসি সার ডিলার মাইনুল হক ট্রেডার্স রাধা রমন সাহা রায় এবং সুশ্রী রানী সাহা রায় এর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সরকারি নীতিমালা উপেক্ষা করে সারের কৃত্রিম সংকট সৃষ্টি এবং কৃষকদের জিম্মি করে ব্যবসা পরিচালনার অভিযোগ রয়েছে।

স্থানীয় কৃষকদের দাবি, প্রয়োজনের সময় অধিকাংশ ডিলারের গুদামে সার পাওয়া যায় না।তবে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম দিতে রাজি হলে বিভিন্নভাবে সার সংগ্রহের সুযোগ তৈরি হয়।কৃষকদের অভিযোগ,আমন আবাদকে কেন্দ্র করে ডিএপি,টিএসপি ও এমওপি সারের চাহিদা বেড়ে যাওয়ার সুযোগ কাজে লাগিয়ে কিছু অসাধু ডিলার বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।

এতে অনেক কৃষক বাধ্য হয়ে অতিরিক্ত দামে সার কিনছেন,আবার অনেকে প্রয়োজনীয় সার না পেয়ে জমিতে সার প্রয়োগে বিলম্ব করছেন।এর ফলে উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।স্থানীয়দের ভাষ্য, বিষয়টি নতুন নয়।প্রতিবছরই মৌসুমের শুরুতে একই ধরনের অভিযোগ উঠলেও কার্যকর নজরদারির অভাবে পরিস্থিতির তেমন পরিবর্তন হয় না।

কৃষকদের দাবি, নিয়মিত বাজার তদারকি এবং ডিলারদের গুদাম পরিদর্শন করা হলে প্রকৃত চিত্র সামনে আসবে।সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমেও বারহাট্টায় সারের সংকট, অতিরিক্ত দামে বিক্রি এবং সরকারি সারের অনিয়ম নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে।প্রশাসনও এর আগে কিছু ডিলারের বিরুদ্ধে অভিযান ও জরিমানার ব্যবস্থা নিয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বারহাট্টা উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা বলেন,“সব সার ডিলারকে সরকারি নির্দেশনা অনুযায়ী সার বিক্রির জন্য বলা হয়েছে।কেউ কোনো ধরনের অনিয়ম করলে বা কৃত্রিম সংকট সৃষ্টি করে কৃষকদের হয়রানি করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তবে কৃষকদের প্রশ্ন,শুধু নির্দেশনা নয়, মাঠপর্যায়ে নিয়মিত মনিটরিং ও দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করা না হলে কৃত্রিম সংকট এবং অতিরিক্ত দামে সার বিক্রি বন্ধ হবে কীভাবে।তারা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।

IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোণা।