রবিবার ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

বরিশাল বিশ্ববিদ্যালয়-ভোলা রোড বেহাল, ঝুঁকিতে শিক্ষার্থীসহ দক্ষিণাঞ্চলের মানুষ

আপডেটঃ ১১:৪৬ পূর্বাহ্ণ | আগস্ট ৩০, ২০২৬

নিউজ ডেস্কঃ

ঢাকা-কুয়াকাটা মহাসড়কের বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেট থেকে ভোলা রোড পর্যন্ত অংশটি দীর্ঘদিন ধরে ভাঙাচোরা ও বেহাল অবস্থায় পড়ে রয়েছে।সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত ও খানাখন্দ।এতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ দক্ষিণাঞ্চলের সাধারণ মানুষকে প্রতিদিন চরম দুর্ভোগের মধ্য দিয়ে চলাচল করতে হচ্ছে।সড়কটির করুণ দশার কারণে প্রতিদিনই ঝুঁকি নিয়ে যানবাহনে চলাচল করছেন শিক্ষার্থী, শিক্ষক, চাকরিজীবী ও স্থানীয় বাসিন্দারা।বিশেষ করে রাতের বেলায় এবং বৃষ্টির সময় সড়কটির গর্ত ও খানাখন্দ আরও ভয়ংকর হয়ে ওঠে।

এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।কিছুদিন আগেই এই সড়কের ওই অংশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর অকালমৃত্যু ঘটে।ওই দুর্ঘটনার পর সড়কটি সংস্কারের দাবিতে আন্দোলনে নামেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।তারা দ্রুত সড়ক সংস্কার করে নিরাপদ চলাচলের ব্যবস্থা করার দাবি জানান।

সে সময় সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সংস্কারকাজের আশ্বাস দেওয়া হয়।পরবর্তীতে সড়কের কিছু অংশে সংস্কারকাজ করা হলেও তা টেকসই হয়নি।সংস্কারের অল্প কয়েকদিনের মধ্যেই সড়কটির বিভিন্ন স্থানে আবারও ভাঙন ও গর্তের সৃষ্টি হয়েছে।ফলে আগের মতোই ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে।

স্থানীয়দের অভিযোগ, সাময়িকভাবে সংস্কার না করে সড়কটির স্থায়ী ও টেকসই সংস্কার করা না হলে দুর্ভোগের পাশাপাশি দুর্ঘটনাও বাড়তে পারে।বর্তমানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় জনগণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।গুরুত্বপূর্ণ এই সড়কটি দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ ও যানবাহন চলাচল করে।

তাই জনদুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি কমাতে দ্রুত কার্যকর উদ্যোগ নিয়ে সড়কটির স্থায়ী ও টেকসই সংস্কারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা।

IPCS News : Dhaka : ফোরকান : নলছিটি।