রাজশাহীতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দুই যুবক গ্রেপ্তার, হাসুয়া ও ওয়্যারলেস সদৃশ মোবাইল উদ্ধার
আপডেটঃ ১:৫৫ অপরাহ্ণ | আগস্ট ২৯, ২০২৬
নিউজ ডেস্কঃ
রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।এ সময় তাদের কাছ থেকে লোহার ও কাঠের বাটযুক্ত দুটি হাসুয়া, ওয়্যারলেস সদৃশ একটি মোবাইল ফোন এবং আরও দুটি স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করা হয়।বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত আনুমানিক ১টার দিকে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন কয়েরদারা খ্রিষ্টানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ডিবি পুলিশ।গ্রেপ্তাররা হলেন চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম এলাকার এস এম এহসান উদ্দিন বাদশার ছেলে ও বর্তমানে শাহমখদুম থানাধীন নওদাপাড়া এলাকার বাসিন্দা এস এম হাসান মুক্তাদির কিউট (২৩) এবং কয়েরদারা খ্রিষ্টানপাড়া এলাকার মো. জাকির হোসেনের ছেলে মো. সিফাজ হোসেন (২৫)।
পুলিশ জানায়, এস এম হাসান মুক্তাদির কিউটের কাছ থেকে লোহার বাটযুক্ত ৩১ ইঞ্চি লম্বা একটি হাসুয়া, একটি ওয়্যারলেস সদৃশ মোবাইল ফোন এবং একটি স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করা হয়।অপরদিকে মো. সিফাজ হোসেনের কাছ থেকে কাঠের বাটযুক্ত ২৬ ইঞ্চি লম্বা একটি হাসুয়া ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন ছিনতাইয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।এছাড়া কিউটের কাছ থেকে উদ্ধার করা মোবাইল ফোন যাচাই করে তাতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মনোগ্রাম ব্যবহার এবং একটি মোবাইল নম্বর ‘হোয়াটসঅ্যাপ’ নামে সংরক্ষিত থাকার তথ্য পাওয়া যায়।
আরএমপি জানায়, গ্রেপ্তারকৃত এস এম হাসান মুক্তাদির কিউটের বিরুদ্ধে মহানগরীর বিভিন্ন থানায় পেনাল কোডের ধারায় সাতটি ও বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রয়েছে।অপরদিকে মো. সিফাজ হোসেনের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় পেনাল কোডের ধারায় একটি এবং রাজশাহী জেলার চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে।
পুলিশের প্রাথমিক অনুসন্ধানে আরও জানা গেছে, কিউটের কাছ থেকে উদ্ধার করা ওয়্যারলেস সদৃশ মোবাইল ফোন ব্যবহার করে সরকারি কর্মচারীর ছদ্মবেশ ধারণ করে বিভিন্ন সময়ে ছিনতাইসহ বিভিন্ন অপরাধ সংঘটনের চেষ্টা করা হয়েছে।
সরকারি কর্মচারী না হয়েও সরকারি প্রতিষ্ঠানের মনোগ্রাম ব্যবহার এবং ওয়্যারলেস সদৃশ মোবাইলের মাধ্যমে সরকারি কর্মচারীর পরিচয় দেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।এ ধরনের প্রতারণা ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে নগরবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি)।
বিশেষ করে সরকারি কর্মচারীর পরিচয় বহন করে কেউ সন্দেহজনকভাবে কোনো কর্মকাণ্ডে জড়িত হলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধ জানিয়েছে পুলিশ।
IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।

