সোমবার ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

মনোহরদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সেরা খামারিদের পুরস্কার

আপডেটঃ ৩:২০ অপরাহ্ণ | আগস্ট ১৭, ২০২৬

নিউজ ডেস্কঃ

‘রূপালি মৎস্যে সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর মনোহরদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও সেরা মৎস্য খামারিদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।রোববার (১৬ আগস্ট) উপজেলা মৎস্য পক্ষ উদযাপন কমিটির আয়োজনে উপজেলা চত্বর থেকে মৎস্য খামারি ও সংশ্লিষ্টদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।পরে উপজেলা সভাকক্ষে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল, এমপি।

এতে সভাপতিত্ব করেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান।অনুষ্ঠানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রাফি আফরোজ সনি, উপজেলা কৃষি কর্মকর্তা রুনা আক্তার, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, সাবেক ভিপি গোলাম মোস্তফাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া উপজেলার বিভিন্ন এলাকার মৎস্য খামারি, বীর মুক্তিযোদ্ধা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে অংশ নেন। আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আধুনিক প্রযুক্তি ও বিজ্ঞানভিত্তিক পদ্ধতি ব্যবহারের মাধ্যমে মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, মৎস্যচাষিদের বিভিন্ন সমস্যা সমাধান, প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং সরকারি সহযোগিতা নিশ্চিত করা গেলে এ খাত আরও সমৃদ্ধ হবে।মৎস্য উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনীতিতে এ খাতের অবদান আরও বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করা হয়।অনুষ্ঠানের শেষপর্বে উপজেলার সেরা ও সফল মৎস্য খামারিদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়।

অতিথিরা বিজয়ী খামারিদের অভিনন্দন জানান এবং মৎস্য উৎপাদনে তাদের অবদানের প্রশংসা করেন।র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে মনোহরদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে।এ ধরনের আয়োজন মৎস্যচাষিদের আরও উৎসাহিত করবে বলে অনুষ্ঠানে অংশ নেওয়া খামারিরা অভিমত ব্যক্ত করেন।

IPCS News : Dhaka : মোঃ তাজুল ইসলাম বাদল : নরসিংদী।