ঝড়-বৃষ্টি উপেক্ষা করে মনোহরদীর জলাবদ্ধ এলাকা পরিদর্শনে এসিল্যান্ড সজিব মিয়া, দ্রুত সমাধানের আশ্বাস
আপডেটঃ ৪:১৮ অপরাহ্ণ | জুলাই ১৩, ২০২৬
নিউজ ডেস্কঃ
নরসিংদীর মনোহরদী উপজেলার বিভিন্ন জলাবদ্ধ ও জনদুর্ভোগপূর্ণ এলাকা ঝড়-বৃষ্টি উপেক্ষা করে সরেজমিনে পরিদর্শন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া।রোববার (১২ জুলাই) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এ মুহাইমিন আল জিহানের নির্দেশনায় তিনি খিদিরপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম মনতলা এবং ১ নম্বর ওয়ার্ডের কালিরচর গ্রাম পরিদর্শন করে দীর্ঘদিনের জলাবদ্ধতা, অসমাপ্ত কালভার্ট নির্মাণ এবং স্থানীয়দের বিভিন্ন সমস্যার খোঁজখবর নেন।এ সময় তিনি ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের কথা শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।পরিদর্শনকালে এসিল্যান্ড পশ্চিম মনতলা গ্রামের জলাবদ্ধতার প্রকৃত অবস্থা পর্যবেক্ষণ করেন।পাশাপাশি কালিরচর-ভাওয়ালিয়া পাড়া সড়কে প্রায় তিন বছর ধরে অসমাপ্ত পড়ে থাকা কালভার্ট নির্মাণকাজের কারণে সৃষ্ট জনদুর্ভোগ সরেজমিনে দেখেন।
এছাড়া তিনি ৩১ নম্বর কালিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন পরিদর্শন করেন এবং নির্মাণকাজে স্থানীয়দের উত্থাপিত বিভিন্ন অনিয়মের অভিযোগ গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করেন।স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে এলাকাবাসী জানান, কালিরচর ও ভাওয়ালিয়া পাড়ার মাঝামাঝি প্রায় তিন বছর আগে একটি কালভার্ট নির্মাণকাজ শুরু হলেও আজও তা শেষ হয়নি।
এতে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী, চাকরিজীবীসহ প্রতিদিন এই সড়ক ব্যবহারকারী সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।এর মধ্যে বিকল্প সড়কেও নতুন করে আরেকটি কালভার্ট নির্মাণকাজ শুরু হওয়ায় ভাওয়ালিয়া পাড়ার বাসিন্দারা কার্যত যানবাহন চলাচল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।জরুরি রোগী হাসপাতালে নেওয়া, কৃষিপণ্য পরিবহন এবং শিক্ষার্থীদের যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
বর্ষা মৌসুমে এ দুর্ভোগ আরও বেড়ে যায় বলেও জানান তারা।এ সময় সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া পশ্চিম মনতলা এলাকার জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ, দীর্ঘদিন ধরে অসমাপ্ত কালভার্ট নির্মাণকাজ সম্পন্ন করে সড়কটি চলাচলের উপযোগী করা এবং ৩১ নম্বর কালিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জমে থাকা বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
একই সঙ্গে বিদ্যালয়ের নবনির্মিত ভবনের নির্মাণকাজ নিয়ে উত্থাপিত অভিযোগ গুলোও গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।এলাকাবাসী প্রশাসনের এই সরেজমিন পরিদর্শনকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি জানান।
তাদের প্রত্যাশা, জলাবদ্ধতা নিরসন, অসমাপ্ত কালভার্ট নির্মাণকাজ দ্রুত শেষ করা এবং বিদ্যালয়ের নির্মাণকাজে অনিয়মের অভিযোগ তদন্ত করে ব্যবস্থা গ্রহণের মাধ্যমে দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে।
পরিদর্শনকালে খিদিরপুর ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য, উপজেলা প্রশাসনের কর্মকর্তারা, মনোহরদী প্রেসক্লাবের সহ-সভাপতি তাজুল ইসলাম বাদল, স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।
IPCS News : Dhaka : মোঃ তাজুল ইসলাম বাদল : নরসিংদী।

