মনোহরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, র্যালি-আলোচনা সভা ও গাছের চারা বিতরণ
আপডেটঃ ৩:২৪ অপরাহ্ণ | জুলাই ০৭, ২০২৬
নিউজ ডেস্কঃ
“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর মনোহরদীতে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লী উন্নয়ন কার্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং গাছের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, উপকারভোগী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় মনোহরদী উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল, এমপি।সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. এ. মুহাইমিন আল জিহান।স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শামীম।
স্বাগত বক্তব্যে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শামীম বলেন, পল্লী উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে।
তিনি বলেন, উন্নয়নের সুফল তৃণমূল মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।অনুষ্ঠানে সুফলভোগীদের পক্ষে বক্তব্য রাখেন, জেসমিন বেগম ও বেনুজীর আহমেদ।তারা সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প থেকে প্রাপ্ত সুবিধার অভিজ্ঞতা তুলে ধরে এসব কার্যক্রম আরও বিস্তৃত ও ধারাবাহিকভাবে বাস্তবায়নের আহ্বান জানান।
এছাড়া উপজেলা কৃষি কর্মকর্তা রুনা আক্তার, প্রকল্প কর্মকর্তা (পজীপ) নাজনীন নাহার শীলা এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রফি আফরোজ সনি গ্রামীণ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান এবং সরকারি সেবার কার্যকর ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে বক্তব্য দেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. এ. মুহাইমিন আল জিহান বলেন, দেশের সার্বিক উন্নয়নের মূল ভিত্তি হলো পল্লী উন্নয়ন।একটি উন্নত, সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গড়ে তুলতে গ্রামীণ জনগণের জীবনমান উন্নয়নের কোনো বিকল্প নেই।তিনি সরকারের উন্নয়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সকলের আন্তরিক অংশগ্রহণ ও সমন্বিত প্রচেষ্টার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং উপকারভোগীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।অনুষ্ঠানে মনোহরদী উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় বিশিষ্টজন, উপকারভোগী এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
IPCS News : Dhaka : মোঃ তাজুল ইসলাম বাদল : নরসিংদী।

