মঙ্গলবার ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

মনোহরদীতে মোবাইল কোর্টের অভিযানে ইয়াবা সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

আপডেটঃ ২:৩৩ অপরাহ্ণ | জুলাই ০৬, ২০২৬

নিউজ ডেস্কঃ

নরসিংদীর মনোহরদী উপজেলার লেবুতলা ইউনিয়নের ড্রেনেরঘাট এলাকায় রাতের অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করে ইয়াবা সেবনের দায়ে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।শুক্রবার রাতে পরিচালিত এ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত-২০২৩) অনুযায়ী এ দণ্ড প্রদান করা হয়।দণ্ডপ্রাপ্ত ব্যক্তি লেবুতলা ইউনিয়নের ধরাবান্দা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মো. মুর্শিদ মিয়া।মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, তিনি ইয়াবা সেবন করে জনসমক্ষে উশৃঙ্খল আচরণ করছিলেন।এ সময় তার কাছ থেকে দুটি ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

অভিযানে মনোহরদী উপজেলার রামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সাদ্দাম হোসেন সঙ্গীয় ফোর্সসহ অংশ নেন।মোবাইল কোর্ট পরিচালনা করেন মনোহরদী উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া।সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া বলেন, মাদক সেবন ও মাদকসংক্রান্ত যেকোনো অপরাধের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।

মাদকমুক্ত মনোহরদী গড়ে তুলতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. এ. মুহাইমিন আল জিহান বলেন, মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য একটি বড় হুমকি।মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন এবং সর্বস্তরের জনগণকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

IPCS News : Dhaka : মোঃ তাজুল ইসলাম বাদল : নরসিংদী।