১৪৫ ধারা অমান্য করে জমিতে প্রাচীর নির্মাণের অভিযোগ, আইনজীবীকে প্রাণনাশের হুমকি
আপডেটঃ ১২:৫৩ অপরাহ্ণ | আগস্ট ১৬, ২০২৬
নিউজ ডেস্কঃ
নরসিংদীর মনোহরদী উপজেলার শুকুন্দী ইউনিয়নের নারান্দী মৌজায় জমি দখলের চেষ্টাকে কেন্দ্র করে বিরোধের জেরে এক আইনজীবী ও তার পরিবারের সদস্যদের গালিগালাজ, হামলার চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।একই সঙ্গে আদালতের ১৪৫ ধারা জারি থাকা সত্ত্বেও বিরোধীয় জমিতে সীমানা প্রাচীর নির্মাণের চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগী।
এ ঘটনায় অ্যাডভোকেট মাহমুদা আক্তার রুপালী (৪৩) বাদী হয়ে মনোহরদী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।অভিযোগে জামাল মিয়া (৩৯), সরাফত (৪০), কাঞ্চন মিয়া (৬০), আরমান মিয়া (২৬), কাইয়ুম মোল্লা (৪৫) ও কাউছার (৫৩)-সহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযুক্তদের মধ্যে জামাল মিয়া ও সরাফতের বাড়ি গাজীপুরের কাপাসিয়া উপজেলার কামারগাঁও এলাকায় এবং অন্যদের ঠিকানা মনোহরদীর উত্তর নারান্দী বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।অভিযোগ সূত্রে জানা যায়, জমিজমা নিয়ে বাদী ও তার পরিবারের সঙ্গে অভিযুক্তদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।বাদীর দাবি, অভিযুক্তরা তাদের পরিবারের ভোগদখলীয় জমি দখলের পাঁয়তারা করে আসছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে জামাল মিয়া জমিটি ক্রয় করেছেন বলে দাবি করেন।তবে বাদীর অভিযোগ, তিনি বা তার পরিবারের কেউ ওই জমির কোনো অংশ বিক্রি করেননি।দলিল দেখতে চাইলে অভিযুক্তরা যে দলিল দেখিয়েছেন, সেটি জাল-জালিয়াতির মাধ্যমে তৈরি করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
অভিযোগে আরও বলা হয়, এ ঘটনায় জামাল মিয়া বাদী হয়ে মনোহরদী থানায় এম মামলা নং-৫৬২/২০২৬, ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় মামলা করেন।একই ঘটনায় বাদী ও তার অংশীদাররা মনোহরদী সিভিল জজ আদালতে দেওয়ানী মোকদ্দমা নং-৭৪/২৬ দায়ের করেছেন।উভয় মামলাই বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।
বাদীর অভিযোগ, আদালত বিরোধীয় জমিতে ১৪৫ ধারা জারি করার পরও গত ১৩ আগস্ট সকাল আনুমানিক ১১টার দিকে জামাল মিয়াসহ অভিযুক্তরা কয়েকজনকে সঙ্গে নিয়ে ওই জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ শুরু করেন।খবর পেয়ে বাদী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে মনোহরদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ বন্ধ রাখতে বলে।
পরদিন ১৪ আগস্ট বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে অভিযুক্তরা ওই জমিতে ইটের কণা রাখেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।এরপর সর্বশেষ ১৫ আগস্ট সকাল আনুমানিক ১১টার দিকে বাদী ও তার পরিবারের সদস্যরা জমিতে গিয়ে জবরদখলের বিষয়ে জানতে চাইলে অভিযুক্তরা তাদের গালিগালাজ করেন বলে অভিযোগ করা হয়।
অভিযোগে আরও বলা হয়, এ সময় অভিযুক্তরা দা, কোদালসহ দেশীয় অস্ত্র নিয়ে বাদী ও তার পরিবারের সদস্যদের মারধর এবং হত্যার উদ্দেশ্যে তেড়ে আসেন।প্রাণভয়ে তারা ঘটনাস্থল থেকে চলে আসার চেষ্টা করলে অভিযুক্তরা পিছু ধাওয়া করে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেন বলেও অভিযোগ করেছেন অ্যাডভোকেট মাহমুদা আক্তার রুপালী।
বাদীর দাবি, অভিযুক্তরা নির্মাণকাজ অব্যাহত রাখলে তার জমি বেদখল হওয়ার পাশাপাশি জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে।এ কারণে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি অবহিত করে পরিবারের সঙ্গে আলোচনা শেষে তিনি মনোহরদী থানায় অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর বাদশা বলেন, “জমি সংক্রান্ত বিরোধের ঘটনায় থানায় একটি অভিযোগ পাওয়া গেছে।বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক রয়েছে।তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
IPCS News : Dhaka : মোঃ তাজুল ইসলাম বাদল : নরসিংদী।

