সংবর্ধনায় আবেগঘন বিদায়, মনোহরদীর শিক্ষা পরিবারের প্রশংসায় সিক্ত ইউএনও এম.এ. মুহাইমিন আল জিহান
আপডেটঃ ৪:০০ অপরাহ্ণ | আগস্ট ০৩, ২০২৬
নিউজ ডেস্কঃ
নরসিংদীর মনোহরদী উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম.এ. মুহাইমিন আল জিহানের বদলিজনিত বিদায় উপলক্ষে উপজেলা শিক্ষা পরিবারের উদ্যোগে এক আন্তরিক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।রোববার (২ আগস্ট) বিকেল ৪টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষা বিভাগের কর্মকর্তারা অংশ নেন।অনুষ্ঠানে বক্তারা বিদায়ী ইউএনও এম.এ. মুহাইমিন আল জিহানের কর্মদক্ষতা, সততা ও শিক্ষা খাতে গুরুত্বপূর্ণ অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
তারা বলেন, দায়িত্ব পালনকালে তিনি সবসময় শিক্ষা পরিবারের পাশে থেকে শিক্ষকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে আন্তরিক ভূমিকা পালন করেছেন।বিশেষ করে পাবলিক পরীক্ষায় নকলমুক্ত পরিবেশ বজায় রাখা, শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং বৈষম্য দূরীকরণে তাঁর কার্যকর পদক্ষেপ শিক্ষা অঙ্গনে ইতিবাচক পরিবর্তন এনেছে।
বক্তারা আরও বলেন, বিভিন্ন সমস্যা ও সংকটে শিক্ষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা প্রদান করে তিনি একজন মানবিক ও দায়িত্বশীল প্রশাসনিক কর্মকর্তা হিসেবে সবার আস্থা অর্জন করেছেন।তাঁর বদলি শিক্ষা পরিবারের জন্য বেদনাদায়ক উল্লেখ করে বক্তারা ভবিষ্যৎ কর্মজীবনে তাঁর সফলতা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
পাশাপাশি দায়িত্ব পালনের সময় নিজেদের কোনো অনিচ্ছাকৃত ভুলত্রুটি হয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান।প্রধান অতিথির বক্তব্যে ইউএনও এম.এ. মুহাইমিন আল জিহান বলেন, সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সময় কঠোর সিদ্ধান্ত নিতে হয়েছে।তবে তা কখনোই ব্যক্তিগত কারণে নয়, বরং দায়িত্ব যথাযথভাবে পালন এবং জনস্বার্থ রক্ষার স্বার্থেই গ্রহণ করা হয়েছে।
তিনি শিক্ষা পরিবারের ভালোবাসা, সহযোগিতা ও সম্মানের জন্য সকল শিক্ষক ও সংশ্লিষ্টদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মনোহরদী প্রেসক্লাবের সহ-সভাপতি মো. তাজুল ইসলাম বাদল এবং সাংবাদিক মোহাইমিন শুভসহ শিক্ষা বিভাগের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
IPCS News : Dhaka : মোঃ তাজুল ইসলাম বাদল : নরসিংদী।

