মঙ্গলবার ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

মনোহরদীতে বৈশাখী বেলা পার্কে ভাঙচুরের অভিযোগ, ১৫ লাখ টাকা চাঁদা দাবির দাবি; তদন্তে পুলিশ

আপডেটঃ ৩:১২ অপরাহ্ণ | জুলাই ২০, ২০২৬

নিউজ ডেস্কঃ

নরসিংদীর মনোহরদী উপজেলার গোতাশিয়া ইউনিয়নের বগারদী চৌরাস্তা এলাকায় অবস্থিত বৈশাখী বেলা লিমিটেড পার্কে ভাঙচুর, লুটপাট এবং ১৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে।শুক্রবার (১৭ জুলাই) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।ঘটনার পর পার্ক কর্তৃপক্ষ মনোহরদী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।তবে অভিযুক্তদের একজন চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে জমির পাওনা আদায়ের দাবি তুলেছেন।পার্ক কর্তৃপক্ষের অভিযোগ, নুরুল হক, মজিবুর রহমান, জাকির হোসেন, কবির হোসেন, আলফাজ উদ্দিন, মন্নান মিয়া, আবু তুরাব, নিলয়সহ আরও কয়েকজন ব্যক্তি পার্কের কর্মচারীদের জিম্মি করে ভেতরে প্রবেশ করেন।এরপর তারা পার্কের বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালান, কিছু মালামাল লুট করে নিয়ে যান এবং পার্কের নিরাপত্তা প্রাচীরের একটি অংশ ভেঙে ফেলেন।

এ ঘটনায় প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ।বৈশাখী বেলা লিমিটেড পার্কের চেয়ারম্যান হাবিবুর রহমান রঙ্গু অভিযোগ করে বলেন, অভিযুক্তরা তাদের কাছে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করেন।দাবি করা অর্থ না পেয়ে তারা পরিকল্পিতভাবে পার্কে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে।

তিনি জানান, ঘটনার বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মামলার প্রস্তুতি চলছে।তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত নুরুল হক।তিনি বলেন, তারা কোনো ধরনের চাঁদা দাবি করেননি।বরং নিজেদের জমির ভাড়া বা পাওনা আদায়ের জন্য সেখানে গিয়েছিলেন।তবে পার্কে ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে তিনি স্বীকার করেন।

এ বিষয়ে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, পার্ক কর্তৃপক্ষের লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে।অভিযোগের বিষয়টি তদন্ত করে ঘটনার সত্যতা যাচাই সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

IPCS News : Dhaka : মোঃ তাজুল ইসলাম বাদল : নরসিংদী।