রবিবার ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রাজশাহীতে পৃথক মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেটঃ ১:০৭ অপরাহ্ণ | আগস্ট ১৬, ২০২৬

নিউজ ডেস্কঃ

রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে হেরোইন ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া থানা পুলিশ।গত ১৪ আগস্ট রাতে উপশহর পুলিশ ফাঁড়ি ও শিল্পনগরী পুলিশ ফাঁড়ির পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।আরএমপি সূত্রে জানা যায়, ১৪ আগস্ট রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে বোয়ালিয়া থানার উপশহর পুলিশ ফাঁড়ির একটি দল বিন্দুর মোড় এলাকায় অভিযান চালায়।এ সময় রাজশাহীর মোহনপুর থানার বড়ইকুড়ি গ্রামের তাসের আলীর ছেলে মো. ওবায়দুল হোসেন (৪০)কে গ্রেপ্তার করা হয়।

পরে তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।অন্যদিকে একই দিন রাত আনুমানিক সোয়া ১০টার দিকে বোয়ালিয়া থানার শিল্পনগরী পুলিশ ফাঁড়ির সদস্যরা মালদা কলোনী এলাকায় অভিযান চালিয়ে বখতিয়ারাবাদ গ্রামের হাসের আলীর ছেলে মো. রিফাত (২০)কে গ্রেপ্তার করেন।

এ সময় তার কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৮টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।এছাড়া রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে শিল্পনগরী পুলিশ ফাঁড়ির আরেকটি দল মধুরডাঙ্গা শিল্পীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের নওশাদ আলীর ছেলে মো. আরিফ হোসেন ডলার (৩৭)কে গ্রেপ্তার করে।

তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৫টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।একই সঙ্গে মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।আরএমপি জানায়, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে।পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

IPCS News : Dhaka : আরএমপি নিউজ: রাজশাহী।