রাজশাহীতে ২০০ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
আপডেটঃ ১২:৫৯ অপরাহ্ণ | সেপ্টেম্বর ২০, ২০২৬
নিউজ ডেস্কঃ
রাজশাহীর চারঘাটে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারঘাট থানায় মামলা করা হয়েছে।গত ১৮ সেপ্টেম্বর রাত ১১টা ৫৫ মিনিটের দিকে চারঘাট থানার বানেশ্বর-চারঘাট আঞ্চলিক মহাসড়কের শিবপুর গ্রামের বটতলা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চারঘাটের চাঁদনগর গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে মো. শাহাবুল হক (৩২) এবং শিবপুর গ্রামের মো. মজবির রহমানের ছেলে মো. মেহেদী হাসান নয়ন (২৮)।
ডিবি পুলিশ জানায়, মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, শিবপুর বটতলা মোড়ে একটি চায়ের দোকানের সামনে দুই ব্যক্তি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন।পরে ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করেন।
এ সময় শাহাবুল হকের দেহ তল্লাশি করে তার লুঙ্গির সামনের ডান কোঁচা থেকে নীল রঙের পলিথিনে রাখা ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।অভিযানের সময় মো. শাহাবুর মেম্বার (৪৪) নামে আরও এক অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে রাজশাহী জেলায় সাতটি, ফেনী জেলায় একটি এবং নাটোর জেলায় একটি মাদক মামলাসহ অন্যান্য মামলা রয়েছে।
তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।এ ঘটনায় গ্রেপ্তার দুই ব্যক্তি ও পলাতক অভিযুক্তের বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।
IPCS News : Dhaka : সাবিনা ইয়াসমিন, ডিএসবি : রাজশাহী।

