রাজশাহীতে প্রতারণামূলকভাবে সরকারি তথ্য সংগ্রহ ও সরবরাহের অভিযোগে যুবক গ্রেপ্তার
আপডেটঃ ১২:০৬ অপরাহ্ণ | সেপ্টেম্বর ১৫, ২০২৬
নিউজ ডেস্কঃ
রাজশাহী মহানগরীতে প্রতারণামূলকভাবে সরকারি গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ ও সরবরাহের অভিযোগে মো. সেতু হোসেন (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে সিপিসি-৩ জয়পুরহাট র্যাব-৫, রাজশাহী।র্যাব জানায়, সিপিসি-৩ ও সিপিসি-৩-এর যৌথ অভিযানের ভিত্তিতে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন মহিষবাথান এলাকার বড় দিঘির পাড়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।গত ১ সেপ্টেম্বর দিবাগত রাতে মো. মামুনুল ইসলাম (৫৫)-এর দক্ষিণ পাশে দ্বিতীয় তলার বাসার নিচতলায় ভাড়াটিয়ার বাসায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযোগ রয়েছে, গ্রেপ্তার সেতু হোসেন মোবাইল ব্যাংকিং ও ডিজিটাল ডিভাইস ব্যবহার করে প্রতারণার মাধ্যমে বাংলাদেশ নির্বাচন কমিশন ও বাংলাদেশ পুলিশের সিআইডির সার্ভারে অবৈধভাবে প্রবেশ করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেমের (সিডিএমএস) তথ্য সংগ্রহ করতেন।
পরে নিজের ও অন্যদের ব্যক্তিগত সুবিধা নেওয়ার উদ্দেশ্যে বিকাশ ও নগদসহ বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে অর্থ উপার্জন, তথ্য-উপাত্ত অবৈধভাবে সংগ্রহ ও হস্তান্তর এবং সরকারি গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
র্যাবের দাবি, ওই ব্যক্তি বিভিন্ন মোবাইল সিমের এনআইডি, বিকাশ ও নগদ নিবন্ধন, মোবাইল সিমের লোকেশন, সিডিআর, এসএমএস লিস্টসহ বিভিন্ন গোপনীয় তথ্য সংগ্রহ করে অর্থের বিনিময়ে বিভিন্ন ব্যক্তির কাছে সরবরাহ করতেন।এভাবে নাগরিকদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা লঙ্ঘন করে আসছিলেন তিনি।
অভিযানের সময় সেতু হোসেনের কাছ থেকে সাইবার অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট ছয়টি সিপিইউ, চারটি ল্যাপটপ, ১০টি মোবাইল ফোন এবং ৩১টি সিমকার্ড জব্দ করা হয়।গ্রেপ্তার সেতু হোসেনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব-৫, রাজশাহীর প্রেস ব্রিফিংয়ে জানানো হয়েছে।
IPCS News : Dhaka : বাবুল : রাজশাহী।

