রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জনের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর, মনোহরদীতে ৪০ শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান
আপডেটঃ ৩:৩২ অপরাহ্ণ | জুলাই ২০, ২০২৬
নিউজ ডেস্কঃ
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, একাত্তরের মুক্তিযুদ্ধের সময় একটি গোষ্ঠী পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসেবে দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল।সেই রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে।অন্যথায় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বারবার হুমকির মুখে পড়বে।তিনি বলেন, বাংলাদেশবিরোধী ষড়যন্ত্র এখনো থেমে নেই।তাই নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরতে হবে, যাতে তারা মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গঠনে ভূমিকা রাখতে পারে।
শনিবার (১৮ জুলাই) বিকেলে নরসিংদীর মনোহরদী উপজেলার গাংকুলকান্দী ভূঁইয়া বাজার মাঠসংলগ্ন এলাকায় নব দিগন্ত ক্লাব আয়োজিত মেধাবৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
নব দিগন্ত ক্লাবের চেয়ারম্যান ও নরসিংদী সরকারি কলেজের অধ্যাপক প্রফেসর মোস্তাক আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. এ. মুহাইমিন আল জিহান, সহকারী কমিশনার (ভূমি) সজীব মিয়া, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর বাদশা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান মোহাম্মদ জুনায়েদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাসেদুজ্জামান, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, বিএনপি নেতা গোলাম মোস্তফা, উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগ, লেবুতলা ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন শাহীন মোড়ল, সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম ফরহাদসহ স্থানীয় রাজনৈতিক, প্রশাসনিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
বক্তারা শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন এবং শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।অনুষ্ঠানের শেষপর্বে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল ৪০ জন মেধাবী শিক্ষার্থীর হাতে বৃত্তির ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন।
এ সময় অতিথিরা শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন।
IPCS News : Dhaka : মোঃ তাজুল ইসলাম বাদল : নরসিংদী।

