মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সংবর্ধনা, শিক্ষাই জাতির উন্নয়নের প্রধান হাতিয়ার: স্বাস্থ্যমন্ত্রী
আপডেটঃ ৩:২৩ অপরাহ্ণ | জুলাই ২০, ২০২৬
নিউজ ডেস্কঃ
নরসিংদীর মনোহরদী উপজেলার লেবুতলা ইউনিয়নের গাংকুলকান্দী ভূঁইয়া বাজার মাঠসংলগ্ন এলাকায় মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৮ জুলাই) বিকেল ৩টায় নব দিগন্ত ক্লাব, গাংকুলকান্দীর আয়োজনে এ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থীদের বৃত্তি, ক্রেস্ট ও পুরস্কার প্রদান করা হয়।অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নব দিগন্ত ক্লাবের চেয়ারম্যান ও নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশতাক আহমেদ ভূঁইয়া।
পবিত্র কোরআন তেলাওয়াত এবং দেশাত্মবোধক সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।তিনি বলেন, শিক্ষা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান হাতিয়ার।মেধাবী শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন ও উৎসাহ প্রদান করলে তারাই ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেবে।
তিনি শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. এ. মুহাইমিন আল জিহান, সহকারী কমিশনার (ভূমি) সজিব মিয়া, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর বাদশা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান মোহাম্মদ জোনায়েদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুজ্জামান, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, সাবেক ভিপি ও উপজেলা বিএনপির সিনিয়র সদস্য গোলাম মোস্তফা, লেবুতলা ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন শাহিন মোড়ল, সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম ফরহাদ, উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগ এবং খিদিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল ফজলসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সমাজের সবাইকে শিক্ষাবান্ধব কার্যক্রমে এগিয়ে আসতে হবে।তারা শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতী ও মেধাবী শিক্ষার্থীদের হাতে বৃত্তি, ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন প্রধান অতিথি স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।এ সময় উপস্থিত অতিথিরা শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠান শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।
আয়োজকরা ভবিষ্যতেও এ ধরনের শিক্ষাবান্ধব উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
IPCS News : Dhaka : মোঃ তাজুল ইসলাম বাদল : নরসিংদী।

