রাজশাহীতে পথহারা দুই মাদ্রাসা ছাত্র উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর
আপডেটঃ ২:২৯ অপরাহ্ণ | জুন ১৮, ২০২৬
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী মহানগরীতে পথ হারিয়ে ঘোরাফেরা করা দুই মাদ্রাসা শিক্ষার্থীকে উদ্ধার করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) রাজপাড়া থানার লক্ষ্মীপুর পুলিশ বক্স।পুলিশের তৎপরতায় কয়েক ঘণ্টার মধ্যেই শিশু দুজনকে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়।মঙ্গলবার (১৭ জুন) দুপুর আনুমানিক ১২টার দিকে মহানগরীর লক্ষ্মীপুর এলাকায় দুই কিশোরকে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হলে তাদের সঙ্গে কথা বলেন লক্ষ্মীপুর পুলিশ বক্সের ইনচার্জ।
জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা নাটোর সদর এলাকার একটি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী এবং পথ হারিয়ে নাটোর থেকে রাজশাহীতে চলে এসেছে।পরে তাদের পরিচয় যাচাই করে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়।উদ্ধার হওয়া দুই শিক্ষার্থী হলো নাটোর সদর থানার মো. সিফাত হোসেন (১৩) ও বড়াইগ্রাম থানার মো. সিয়াম হোসেন (১২)।শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের পরিচয় গোপন রাখা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের পর প্রয়োজনীয় যাচাই-বাছাই এবং আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়।এরপর বিকেল আনুমানিক ৩টার দিকে দুই শিক্ষার্থীকে তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়।দীর্ঘ সময়ের উদ্বেগ ও উৎকণ্ঠার পর সন্তানদের ফিরে পেয়ে দুই পরিবারের সদস্যরা স্বস্তি প্রকাশ করেন।
এ সময় তারা রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এবং বাংলাদেশ পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে শিশুদের নিরাপদে উদ্ধারে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের মানবিক ভূমিকার প্রশংসা করেন।
IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।

