‘পিআর পদ্ধতিতে দলগুলো আরও কর্তৃত্ববাদী হয়ে উঠবে’— রুহুল কবির রিজভী
আপডেটঃ ৫:২৪ অপরাহ্ণ | আগস্ট ২৩, ২০২৫
নিউজ ডেস্কঃ
বহুল আলোচিত সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার মতে, পিআর পদ্ধতিতে জনগণের হাতে সরাসরি প্রার্থী বাছাইয়ের সুযোগ থাকবে না, বরং কেবল দলের প্রতীককেই ভোট দিতে হবে। এতে রাজনৈতিক দলগুলো আরও বেশি কর্তৃত্ববাদী হয়ে উঠতে পারে।শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের লোকনাথ ট্যাংকের পাড় ময়দানে জেলা বিএনপির সদস্য নবায়ণ ও প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, নির্বাচনে পিআর পদ্ধতি কী— সে বিষয়ে দেশের জনগণ অবগত নয়। আগে আমাদের নির্বাচনি ব্যবস্থায় এমন কিছু দেখা যায়নি। এখন হঠাৎ দু-একটি রাজনৈতিক দল পিআর পদ্ধতির কথা বলছে। এর মাধ্যমে নির্বাচনের বিলম্ব ঘটানোর চেষ্টা চলছে, সেটি বিএনপি বুঝতে পারছে।তিনি আরও বলেন, দেশের শিক্ষিত, মেহনতি ও ভদ্র সমাজই বিএনপির সদস্য হবে। তবে কোনো চাঁদাবাজ, দখলবাজ বা গণতন্ত্রবিরোধী শক্তি বিএনপির সদস্য হতে পারবে না। যারা অতীতে গণতন্ত্রের গলায় পা দিয়ে শ্বাসরুদ্ধ করেছিল, তারা এই দলে জায়গা পাবে না। বিএনপির সদস্য হবে তারা, যারা সমাজের গুণীজন।রিজভী বর্তমান সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তীব্র সমালোচনা করে বলেন, ৩০ লাখ মা-বোনের ত্যাগের বিনিময়ে এই দেশ অর্জিত হয়েছে। শেখ হাসিনা বাংলাদেশের মানুষের ওপর ভয়ংকর রক্তপিপাসু হিংস্রতা চালিয়েছে। তাকে জনগণ পরাজিত করেছে, এখন বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে হবে।
সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় বিএনপির অর্থনীতি বিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুব শ্যামল। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভূঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সহ-সভাপতি এবিএম মোমিনুল হক, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের জেলা টিম লিডার আহসান উদ্দিন খান শিপন প্রমুখ।
পরে প্রধান অতিথি নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের ফরম বিতরণ করেন। কর্মসূচিকে ঘিরে জেলার বিভিন্ন উপজেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও নানা শ্রেণি-পেশার মানুষ মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দেন।
IPCS News : Dhaka :

