স্বাস্থ্য সেবা খাতে বড় পরিবর্তনের ইঙ্গিত: প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিল স্বাস্থ্য সংস্কার কমিশন
আপডেটঃ ১২:৫৮ অপরাহ্ণ | মে ০৫, ২০২৫
নিউজ ডেস্কঃ
ঢাকা:- স্বাস্থ্য সেবায় কাঙ্ক্ষিত পরিবর্তনের উদ্দেশ্যে গঠিত স্বাস্থ্য সংস্কার কমিশন আজ সোমবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রস্তাবিত সুপারিশসহ চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে।সকাল ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এ কে আজাদ খান কমিশনের পক্ষ থেকে প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেন।এই ১২ সদস্যবিশিষ্ট কমিশন গঠন করা হয়েছিল ২০২৪ সালের ১৭ নভেম্বর।প্রতিবেদনে স্বাস্থ্য সেবা ব্যবস্থার কার্যকর উন্নয়ন, স্বচ্ছতা, এবং রোগীকল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ সুপারিশ রাখা হয়েছে বলে জানা গেছে।এর মধ্যে উল্লেখযোগ্য একটি প্রস্তাবে বলা হয়েছে, ফার্মাসিউটিক্যাল কোম্পানির প্রতিনিধিরা আর সরাসরি চিকিৎসকদের সঙ্গে দেখা করতে পারবেন না।
ওষুধ সংক্রান্ত তথ্য এখন থেকে ই-মেইলের মাধ্যমে জানাতে হবে।প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আজাদ মজুমদার সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, যদি কমিশনের প্রস্তাব বাস্তবায়ন করা যায়, তবে এতে ডাক্তারদের সময় বাঁচবে, ঘুষ ও উপহারের সংস্কৃতি হ্রাস পাবে এবং অপ্রয়োজনীয় ওষুধ প্রেসক্রিপশনের প্রবণতাও কমবে।
আরও একটি সম্ভাব্য সংস্কার হিসেবে প্রেসক্রিপশনে ওষুধের জেনেরিক নাম লেখা বাধ্যতামূলক করার প্রস্তাবও আসতে পারে বলে ইঙ্গিত দেন তিনি।কমিশনের প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়ন হলে স্বাস্থ্য খাতে একটি মৌলিক পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
IPCS News : Dhaka :

