হাবিপ্রবিতে বিদেশি শিক্ষার্থীদের সাথে উপাচার্যের মতবিনিময় সভা অনুষ্ঠিত
আপডেটঃ ৩:২৩ অপরাহ্ণ | জুলাই ২৮, ২০২৬
নিউজ ডেস্কঃ
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৭ জুলাই ২০২৬) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ এ সভাটি আয়োজিত হয়।ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেকশনের পরিচালক প্রফেসর ড. মো. হাসানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্যা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রো ভাইস-চ্যান্সেলর) প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার।
সভাটিতে নেপাল, ভুটান, ভারত, সোমালিয়া, নাইজেরিয়া ও ইথিওপিয়াসহ ৬টি দেশের ৮৮ জন বিদেশি শিক্ষার্থী অংশ নেন।মতবিনিময় সভায় বিদেশি শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে বিভিন্ন সেবামূলক পদক্ষেপ গ্রহণের জন্য বর্তমান প্রশাসনের প্রতি ধন্যবাদ জানান।একই সাথে তারা শিক্ষার্থী সুরক্ষার সুবিধার্থে এবং শিক্ষার পরিবেশ উন্নত করতে বেশ কিছু প্রস্তাব ও দাবি তুলে ধরেন।
এর মধ্যে উল্লেখযোগ্য ছিল: ভিসা প্রক্রিয়া সহজীকরণ, স্বতন্ত্র ফরেন স্টুডেন্ট হল নির্মাণ, স্টাইপেন্ড ও ডীনবৃত্তি চালু করা, হলের ফি কমানো, পরিচ্ছন্নতা বৃদ্ধি ও খেলাধুলার সুযোগ-সুবিধা বাড়ানোপ্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্যা বলেন, অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের তুলনায় হাবিপ্রবিতে উল্লেখযোগ্য সংখ্যক বিদেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন।
শিক্ষার মান ধরে রাখা এবং অন্তর্ভুক্তিমূলক ও আন্তর্জাতিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ।শিক্ষার্থীদের উত্থাপিত বিষয়গুলো দ্রুত সমাধানের আশ্বাস দিয়ে উপাচার্য জানান, এতদিন কেবল দেশি শিক্ষার্থীরা ডীনবৃত্তি পেলেও এখন থেকে বিদেশি শিক্ষার্থীরাও এই বৃত্তির আওতায় আসবেন।
এছাড়া তাদের আবাসন, নিরাপত্তা, একাডেমিক অগ্রগতি ও সার্বিক কল্যাণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা জানান তিনি।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইন্টারন্যাশনাল হলের সহকারী হল সুপার মোতাহারুল ইসলাম।
সভায় আরও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান, ইন্টারন্যাশনাল হলের হল সুপার প্রফেসর ড. মো. আদনান আল বাচ্চু, বেগম রোকেয়া হলের হল সুপার প্রফেসর ড. মো. মোশারফ হোসেন ভূঞা, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস এম এমদাদুল হাসান এবং সহকারী হল সুপার প্রফেসর ড. মারুফ আহমেদ।
IPCS News : Dhaka : আব্দুস সালাম, দিনাজপুর।

